২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বত নিয়ে আলোচনায় ইতিবাচক ফল আশা করছে চীন

চীনা প্রেসিডেন্ট হু জিনতাও জানিয়েছেন, তিব্বত সংকট নিয়ে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা থেকে তিনি ইতিবাচক ফলাফল আশা করছেন। রোববার এই আলোচনা শুরু হওয়ার কথা। জিনতাও এ কথা বললেও তিব্বতের আধ্যাতিক নেতা দালাই লামার বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

শেনঝিন, চীন, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা প্রেসিডেন্ট হু জিনতাও জানিয়েছেন, তিব্বত সংকট নিয়ে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা থেকে তিনি ইতিবাচক ফলাফল আশা করছেন। রোববার এই আলোচনা শুরু হওয়ার কথা। জিনতাও এ কথা বললেও তিব্বতের আধ্যাতিক নেতা দালাই লামার বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বেইজিংয়ে জাপানি সাংবাদিকদের জিনতাও বলেন, "আমি আশা করছি দালাই লামার পক্ষ থেকে যে আগ্রহ দেখানো হয়েছে তাতে ইতিবাচক ফল পাওয়া যাবে।" জাপানের কিয়োডো সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। গত মার্চে স্বাধীনতার দাবিতে তিব্বতিদের আন্দোলনের পর চীনা কর্মকর্তা ও দালাই লামার দূতদের মধ্যে এটাই প্রথম আলোচনা। হংকংয়ের নিকটবর্তী শেনঝিন শহরে রোববার এ আলোচনা শুরু হবে। শেনঝিনের যে অথিথিশালায় আলোচনা অনুষ্ঠিত হবে তার বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাংবাদিকদের ওই ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিব্বতে দুই দশকের মধ্যে সবচেয়ে ব্যাপক চীন বিরোধী ওই বিক্ষোভের পর বিশ্বজুড়ে তিব্বতপন্থিরা চীনবিরোধী বিক্ষোভ করেছে। বিশেষ করে বেইজিংয়ে এ বছর অনুষ্ঠেয় অলিম্পিক মশালের বিশ্বভ্রমণের সময় বিভিন্ন দেশে এ সব বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা পশ্চিমা নেতাদের বেইজিং অলিম্পিক বর্জনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আলোচনায় চীনের পক্ষে অংশ নেবেন ঝু উইকুন ও সিতার। তারা দুজনেই চীনা কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক এর ভাইস মিনিস্টার। আলোচনার উদ্দেশ্যে গত শনিবার চীন পৌঁছেছেন দালাই লামার দুই প্রতিনিধি লোদি গায়ারি ও কেলসাং গায়াল্টসেন। গায়ারি ওয়াশিংটনে এবং গায়াল্টসেন সুইজারল্যান্ডে নিযুক্ত দালাই লামার প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭১৬ ঘ.