জেরুজালেম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনে পশ্চিম তীরের বিভিন্ন সড়ক অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে রোববার বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
পশ্চিম তীরে সড়ক অবরোধ রাখার বিষয়ে ইসরায়েলের দাবি - আত্মঘাতী বোমা হামলা প্রতিরোধ করতে এ অবরোধ প্রয়োজন। কিন্তু, ফিলিস্তিনিরা এই সড়ক অবরোধগুলোকে তাদের ওপর অত্যাচার হিসেবে দেখে।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়েদ বলেছেন, সড়ক অবরোধগুলো তাদের অর্থনীতির ধ্বংসের কারণ হয়ে দাড়িয়েছে। বারাক ও রাইসের সঙ্গে তিনিও ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যে আসার আগে শনিবার রাইস জানান, সড়ক অবরোধের বিষয়টি তিনি সরেজমিন মূল্যায়ন করবেন। এর ফলে ফিলিস্তিনি জনগণকে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটা দেখবেন এবং এগুলো সরানোর বিষয়ে ইসরায়েল যে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল তার অগ্রগতির খোঁজখবর নেবেন।
বারাকের সঙ্গে বৈঠকের শুরুতে রাইস বলেন, "চলুন আমরা কাজ করি"।
রাইস বলেন, "আমরা প্রথম যে কাজটা করতে যাচিছ তা হল সড়ক অবরোধ সরানোর বিষয়টি মূল্যায়ন করা।"
তিনি জানান, এই অবরোধগুলো রাখা কতটা প্রয়োজনীয় এবং ফিলিস্তিনিদের চলাচলে আরও বেশি স্বাধীনতা দেওয়ার বিষয়ে কি করা যায় তা নিয়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চান।
তিনি আরও বলেন, "সবগুলো সড়ক অবরোধ নিশ্চয়ই সমান গুরুত্বপূর্ণ নয়।"
শনিবার জেরুজালেম পৌঁছেই রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে সাক্ষাৎ করেন রাইস। এছাড়া ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও তিনি রোববার সাক্ষাৎ করবেন।
রাইস চলে যাওয়ার পর আগামী সোমবার বৈঠক করবেন আব্বাস ও ওলমার্ট। গত নভেম্বরে তারা সম্মত হয়েছিলেন, চলতি বছরের মধ্যেই একটি শান্তি চুক্তিতে পৌঁছাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৫২১ ঘ.
bdnews24