২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় জিম্বাবুয়ের বিরোধীরা

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বে কি-না এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জিম্বাবুয়ের প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

হারারে, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বে কি-না এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জিম্বাবুয়ের প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। নির্বাচন কমিশন শুক্রবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়ার পর শনিবার বৈঠকে বসে মরগান সাভাঙ্গিরাইয়ের দল এমডিসি। তবে সে বৈঠক থেকে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শনিবার জানিয়েছেন, তিনি নির্বাচনে লড়বেন। বিরোধীরা নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী আইন অনুযায়ী মুগাবে প্রেসিডেন্ট হয়ে যাবেন। এ অবস্থায় বিপাকে পড়েছে দেশটির প্রধান বিরোধীদল এমডিসি। দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর শনিবার এক সংবাদ সম্মেলনে এমডিসি মুখপাত্র নেলসন চামিসা বলেন, "আমরা নির্বাচনে অংশ নেব কি-না এক কথায় তা জানতে চাইলে এই মুহূর্তে বলা সম্ভব না। কেননা অনেক বিষয় আছে যেগুলো আগে পরিষ্কার করতে হবে।" তবে সরকার জানিয়েছে, তারা আশা করছে এমডিসি নির্বাচনে অংশ নেবে। উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা বলেন, "আমরা জানি তারা নির্বাচনে লড়বে। তবে এজন্য তারা সময় নিতে চাইছে। কারণ নির্বাচনের জন্য তারা প্রস্তুত নয়।" তবে এমডিসি আবারও দাবি করেছে, গত ২৯ মার্চের নির্বাচনে তাদের প্রার্থী সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। কাজেই দ্বিতীয় দফায় নির্বাচনের প্রয়োজন নেই। তারা অভিযোগ করেছে, তাদের প্রতিনিধিদের নির্বাচনের ফল যাচাই করতে দেওয়া হয়নি। এমডিসি'র ভাইস প্রেসিডেন্ট থোকোজানি খুপে সাংবাদিকদের জানান, তাদের প্রতিনিধিদের নির্বাচনের ফল যাচাই করতে দেওয়ার জন্য নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন জানু-পিএফ পার্টিকে আহ্বান জানানোর জন্য তারা সাউদার্ন আফ্রিকান ডেভোলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) সঙ্গে যোগাযোগ করছেন। খুপে বলেন, "নির্বাচন কমিশন ও জানু-পিএফকে চাপ দেওয়ার জন্য আমরা এসএডিসি নেতাদের সঙ্গে কথা বলছি।" জিম্বাবুয়ের নির্বাচন কমিশন শুক্রবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে জানায়, প্রথম দফায় নির্বাচনে বিরোধী নেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে হারালেও তিনি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদেরকে দ্বিতীয় দফায় নির্বাচনে লড়তে হবে। কমিশন জানায়, গত ২৯ মার্চের নির্বাচনে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তার বিপক্ষে প্রেসিডেন্ট মুগাবে পেয়েছেন ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। মুগাবের এক সহযোগী জানিয়েছেন, তিনি প্রথম দফায় নির্বাচনের ফল মেনে নিয়েছেন এবং দ্বিতীয় দফায় নির্বাচন করবেন। তবে এমডিসি কমিশনের ফল প্রকাশ ও দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণাকে 'দিনে-দুপুরে ডাকাতি' বলে অভিহিত করেছে। তবে এক্ষেত্রে এমডিসি'র জন্য নির্বাচনে অংশ গ্রহণ ছাড়া খুব বেশি বিকল্প নেই। কেননা সাভাঙ্গিরাই নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী আইন অনুযায়ী মুগাবে প্রেসিডেন্ট হয়ে যাবেন। তবে দ্বিতীয় দফায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা শক্তিগুলো। প্রেসিডেন্ট নির্বচনের ফল প্রকাশ নিয়ে বিলম্বের কারণে জিম্বাবুয়েতে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা বাড়ছে। এছাড়া এই অচলাবস্থার প্রভাব ইতিমধ্যে পড়েছে দেশটির অর্থনীতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৩৫৩ ঘ.