ইয়াঙ্গুন, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)- প্রবল ঘূর্ণিঝড় নার্গিসে মিয়ানমারে সাড়ে তিনশ'র বেশি নিহত হয়েছে এবং সেখানকার পাঁচটি রাজ্যকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে সরকার। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোববার একথা জানিয়েছে। সাবেক রাজধানী ও বৃহত্তম বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনসহ ইরাবতী ব-দ্বীপ অঞ্চলের জেলাগুলো এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্যাটাগরি ৩ মাত্রার এ ঘূর্ণিঝড়টি শনিবার ভোরের দিকে ১২০ মাইল বেগে ইয়াঙ্গুন এর আশপাশের অঞ্চলে আঘাত হানে। এতে দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গুনের অসংখ্য ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সাবেক রাজধানী ইয়াঙ্গুনের এমন পরিবেশকে 'যুদ্ধে বিধ্বস্ত এলাকা'র সঙ্গে তুলনা করছেন অনেকে।
ইয়াঙ্গুনভিত্তিক একজন কূটনীতিক ব্যাংককে রয়টার্সকে ই-মেইলে জানিয়েছেন, এটা "সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত এলাকায় রূপ নিয়েছে। এখানকার সব রাস্তায় গাছ-পালা পড়ে আছে। বিদ্যুতের খুঁটিগুলো পড়ে গেছে। হাসপাতালগুলো বিধ্বস্ত হয়েছে। আর ঘাটতি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির।"
নার্গিসের তাণ্ডবে ৫০ লাখ লোকের বসতি ইয়াঙ্গুনের অনেক মজবুত ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ইয়াঙ্গুন নগরীর আশপাশের ঘনবসতিপূর্ণ অনুন্নত শহরএলাকাগুলোয় আরও বেশি ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে।
ইয়াঙ্গুনে বসবাসরত অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমি কখনো এই ধরনের ঘূর্ণিঝড় দেখিনি। এটা আমাকে যুক্তরাষ্ট্রে হারিকেন ক্যাটরিনার আঘাত হানার কথা স্মরণ করিয়ে দিয়েছিল।"
ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে রোববার আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসছে এবং ইয়াঙ্গুনের আকাশে সকালে সূর্যের দেখাও মিলেছে।
কিন্তু আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও এখন দুর্যোগ মোকাবেলার কঠিন পরীক্ষার মুখে পড়েছে নগরবাসীরা। মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক নগরীর বিদ্যুৎ এবং পানি সংকট চরম আকার ধারণ করেছে।
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আমরা কখন পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে পারব তা বলা কষ্ট। আমাদেরকে এখনও আবর্জনা পরিষ্কার করতে হবে।"
ওদিকে জাতিসংঘের দুর্যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় নার্গিসে সেনাশাসিত মিয়ানমারের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে আরও কয়েক দিন সময় লাগবে।
'ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স' এর আঞ্চলিক প্রধান থার্জি স্কাভদাল বলেন, "মনে হচ্ছে না ব্যাপক প্রাণহানি হয়েছে। তবে এটা নিশ্চিত যে সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
ব্যাংককে রয়টার্সকে তিনি বলেন, "এখনই ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না। এটা জানতে আরও কয়েক দিন লাগবে।"
জাতিসংঘের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, সাহায্যের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জান্তা সরকার এ বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি।
ঘূর্ণিঝড়ে ইয়াঙ্গুনের বাইরে ভয়বাহ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরকার পরিচালিত পত্রিকাগুলোর খবরে বলা হয়েছে, ইরাবতী ব-দ্বীপ এলাকার কিছু শহরের অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত শুধু ইয়াঙ্গুনে চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে উপকূলীয় শহরগুলোয়ও প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা, পূর্বাভাসে উপকূলীয় এলাকায় ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল।
ওদিকে বিমান চলাচলসহ ইয়ঙ্গুনের যোগাযোগ ব্যবস্থস্বাভাবিক হতেও অনেক সময় লেগে যেতে পারে ধারণা করা হচ্ছে। ব্যাংককের থাই এয়ারওয়েজ জানিয়েছে, সোমবারের আগে ইয়াঙ্গুনে পুনরায় ফ্লাইট শুরু হচ্ছে না।
এর আগে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় নার্গিস উত্তর-পূর্ব দিকে সরে উত্তর থাইল্যান্ডের দিকে এগুচ্ছে। এর প্রভাবে ইতিমধ্যে সেখানে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে মিয়ানমারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ায় অনেকে মনে করছেন, এর প্রভাব পড়তে পারে আগামী ১০ মে'র নির্ধারিত গণভোটের প্রস্তুতিতে।
প্রসঙ্গত, সেনাশাসিত মিয়ানমারের একটি নতুন সংবিধান গ্রহণ করার প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এএমটি/১৮৫০ ঘ.
bdnews24