২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ামে হিলারিকে হারালেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাইপর্বের ভোটে গুয়ামে শনিবার মাত্র সাত ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারিয়েছেন বারাক ওবামা। কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 06:22 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

হাগাতনা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাইপর্বের ভোটে গুয়ামে শনিবার মাত্র সাত ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারিয়েছেন বারাক ওবামা। কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন। হাতে ভোট গণনার ১২ ঘণ্টা পর প্রকাশিত ফলাফলে জানা গেছে, ইলিনয়ের সিনেটর ওবামার ২,২৬৪ ভোটের বিপরীতে নিউ ইয়র্কের সিনেটর হিলারি পেয়েছেন ২,২৫৭ ভোট। দ্বীপটিতে এবার রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে। ২০০৪ সালের প্রাইমারিতে ভোট দিয়েছিল মাত্র দেড় হাজার মানুষ। গুয়ামে ওবামার প্রচার ব্যবস্থাপক জোস তেনেরিও রয়টার্সকে বলেন, "এখানে ওবামা-হিলারি দুজনেই সমান জনপ্রিয়। আমরা বিষয়টা উপভোগ করেছি। গুয়ামের জন্য এটা একটা ভাল দিন ছিল।" যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে বিমানে ২০ ঘণ্টার পথ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ থেকে ডেমোক্র্যাটদের দলীয় সম্মেলনে জন্য মাত্র চারটি ভোট আছে। দলীয় সম্মেলনে এই সুপার ডেলিগেটদের ভোটেই ওবামা-হিলারির লড়াই নিস্পত্তি হতে পারে। দু' প্রার্থীর কেউই নির্বাচনী প্রচারাভিযানের জন্য গুয়াম যাননি। তারা রেডিওতে ভাষণ দিয়েই কাজ সেরেছেন। তবে দ্বীপটির অনেক বাসিন্দাই তাদের সে ভাষণ কখনো না শুনলেও তাদের দ্বীপটি যে অবশেষে আলোচনায় এসেছে এতেই তারা বেশ রোমাঞ্চিত। আঞ্চলিক মেয়র রবার্ট লিজামা বলেন, " অনেকেই ভোটের প্রক্রিয়া নিয়ে দ্বিধার মধ্যে ছিল। তবে বেশিরভাগ মানুষই ভোটে অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এটা গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "আমরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারি না। তারপরও বাছাই পর্বের নির্বাচনে ভোট দেওয়া তো নির্বাচনী প্রক্রিয়ারই অংশ।" গুয়ামের বাসিন্দারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন না। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট রাজ্য রোড আইল্যান্ডের পাঁচ ভাগেরও বেশি ছোট দ্বীপটি থেকে আগামী আগস্টের দলীয় সম্মেলনে আট জন সুপার ডেলিগেট অংশ নেবেন। তাদের প্রত্যেকের ভোট থাকবে অর্ধেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১২১৩ ঘ.