সানা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের সংঘাতময় উত্তরাঞ্চলের শাদা শহরের একটি মসজিদে শুক্রবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সালমান মসজিদ থেকে মুসুল্লিরা বেরিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। মুসুল্লিদের মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তাও ছিলেন।
সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, বোমাটি মসজিদের বাইরে একটি মোটরসাইকেলের আড়ালে পাতা ছিল।
শাদার গভর্নর মোতাহার রাশেদ এর আগে আল জাজিরা টেলিভিশনকে বলেছিলেন, "এটা ওই এলাকার একটি বড় মসজিদ। বিস্ফোরণে ছয়জন নিহত ও ৩৫ জনের মতো আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।"
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা নিহতের সংখ্যা কমপক্ষে ১৫ এবং আহত ৬০ থেকে ৭০ জন বলে জানান।
তবে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, এলাকার দুটি হাসপাতালে প্রায় একশ' জনকে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এই বিস্ফোরণের দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে ২০০৪ সালে সরকারি বাহিনী ও আব্দুল মালিক আল হওথি'র সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই প্রদেশে বিচ্ছিন্নভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সহিংসতায় এ পর্যন্ত শাদা শহরের কয়েকশ' মানুষ নিহত হয়েছে এবং গৃহচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।
গত বৃহস্পতিবার বিদ্রোহীদের হামলায় সাত সেনা নিহত হয়। মার্কিনি সমর্থিত ইয়েমেনি সরকারের সেনাদের সঙ্গে প্রায়শ বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪০ ঘ.
bdnews24