দুবাই, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ছয় বছর যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বন্দিশালায় বিনা বিচারে বন্দি থাকার পর ছাড়া পেয়েছেন আল জাজিরা'র চিত্রগ্রাহক সামি আল হাজ। আল জাজিরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
কাতার ভিত্তিক ওই টেলিভিশন চ্যানেলটি জানায়, সুদানি বংশদ্ভোত সামি আল হাজকে গত শুক্রবার সকালে সুদানের রাজধানী খার্তুমে একটি মার্কিন সামরিক বিমান নামিয়ে দিয়ে যায়। টেলিভিশনটি আরও জানিয়েছে, গুয়ানতানামোতে দীর্ঘ দিন অনশন করার কারণে ওই চিত্রগ্রাহক অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে, পেন্টাগন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, "তাকে ছেড়ে দেওয়া হয় নি, সুদানের সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
টেলিভিশন চ্যানেলটি জানায়, আল জাজিরার হয়ে কাজ করার আইনগত বৈধ ভিসা থাকা সত্ত্বেও ২০০১ সালে আফগান সীমান্তের কাছ থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা হাজকে আটক করে।
আল জাজিরা আরও জানায়, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ভিডিও চিত্র নির্মাণের অভিযোগে পাকিস্তান ২০০২ সালে হাজকে মার্কিন সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তবে তার বিরুদ্ধে কখনোই কোনো অভিযোগ গঠন করা হয়নি বা তার বিচার শুরু করা হয়নি।
সাংবাদিকদের নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টে'র পরিচালক জোয়েল সাইমন বলেন, "বিনা বিচারে তাকে ছয় বছর আটকে রাখা ভীষণ অন্যায় এবং এটা সংঘাতময় এলাকায় কাজ করা সাংবাদিকদের ওপর থাকা হুমকির প্রতিনিধিত্ব করে।"
টেলিভিশন চ্যানেলটি আরও জানায়, ওই চিত্রগ্রাহক ২০০৭ সালের জানুয়ারি থেকে অনশন শুরু করেন। এর ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়লে তাকে জোর করে নাক দিয়ে দুই বেলা খাওয়ানো হতো।
ওদিকে, সুদানের বিচারমন্ত্রী আব্দেল বাসিত সাবদেরাত জানান, হাজের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ তৈরী করার মতো যথেষ্ট সময় ইতোমধ্যেই ওয়াশিংটন পেয়েছে এবং তাকে ধরে রাখার কোনো পরিকল্পনা খার্তুমের নেই।
তিনি আল জাজিরাকে বলেন, "সামি আল হাজের মুক্তির অন্তরায় হতে পারে এমন কোনো অভিযোগ সম্পর্কে একজন বিচারমন্ত্রী হিসেবে আমি কিছু জানিনা।"
আল জাজিরায় প্রচারিত একটি ভিডিওচিত্রতে দেখা গেছে হাজকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও চ্যানেলটি জানায় আরও দুই সুদানিকেও হাজের সঙ্গে একই সময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩৮ ঘ.
bdnews24