২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মারাত্মক ভাইরাসের সংক্রমণে ২১ শিশুর মৃত্যু

চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে ইন্টেরোভাইরাস -৭১ নামের একটি মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ শিশু মারা গেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

বেইজিং, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে ইন্টেরোভাইরাস -৭১ নামের একটি মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ শিশু মারা গেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া শুক্রবার একথা জানিয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আরও প্রায় ৩ হাজার জন ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। মার্চ মাসে র্পবাঞ্চলের আনহুই প্রদেশের ফুইয়াংয়ে ইন্টেরোভাইরাস -৭১ ছড়িয়ে পড়ে। তবে, চীনা কর্তপক্ষ গত রোববারই প্রথম এ ভাইরাস ছড়িয়ে পড়ার ঘোষণা দেয় এবং জানায় যে, এ পর্যন্ত ওই ভাইরাসে ৭৮৯ জন আক্রান্ত হয়েছে। সিনহুয়া জানায়, বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৬ জনে উন্নীত হয়েছে। কর্মকর্তারা জানান, আক্রান্তরা সবাই শিশু। এদের বয়স ছয় বছরের মধ্যে এবং বেশির ভাগের বয়সই দুই বছরের নিচে। ইন্টেরোভাইরাস -৭১ সাধারণত মল বা ফোস্কা থেকে ছড়ায় এবং এর ফলে প্রবল জ্বর, পক্ষাঘাতগ্রস্ততা সৃষ্টি হতে পারে এবং মস্তিষ্ক বা এর শিরা ফুলে যেতে পারে। এখন পর্যন্ত এ ভাইরাস প্রতিরোধ বা আক্রান্তদের চিকিৎসা করার কোনো ভ্যাকসিন বা এন্টিভাইরাস নেই। আনহুই প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধানের উদ্বৃতি দিয়ে সিনহুয়া জানায়, "বৃহস্পতিবার বিকেলে আরও একটি সংক্রমণের ঘটনা জানা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২১ জনে।" ভাইরাস ছড়িয়ে পড়ার কথা বিলম্বে প্রকাশ করার জন্য জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। চীনা গণমাধ্যমগুলোও এ নিয়ে ব্যাপক সমালোচনা করছে এবং বলছে স্থানীয় সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা উচিৎ সরকারের। তবে চীনা স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকারের পক্ষে সাফাই গেয়ে বলছে, ভাইরাস ছড়িয়ে পড়ার প্রতিবেদন প্রকাশের বিলম্বের কারণ হচ্ছে চিকিৎসক দল রোগাক্রান্ত হওয়ার কারণ বের করার চেষ্টা করছিল। সিনহুয়া জানায়, এখন ৮৭৯ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ৮৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। শুক্রবার বেইজিং নিউজ আনহুই এর প্রাদেশিক সরকারের এক মুখপাত্রের উদ্বৃতি দিয়ে জানায়, "নতুন আক্রান্তদের মধ্যে সংক্রমণের আলামত ততটা জোরাল নয় এবং দ্রত ছড়িয়ে পড়ার কথা জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বলা হচ্ছে।" স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এই ভাইরাস প্রতিরোধ করতে মানুষ সাধারণ স্বাস্থ্য সতর্কতার পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র মতে এর চিকিৎসা পদ্ধতির কিছু জটিলতা রয়েছে। এর ফলে ঝিল্লিপ্রদাহসহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৩১ ঘ.