লন্ডন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ছে গরিব দেশের শিশুরা। জলবায়ু পরিবর্তনের জন্য ধনী উন্নত দেশগুলো দায়ী হলেও নিজেদের অজান্তেই এর প্রধান শিকারে পরিণত হচ্ছে ভুক্তভোগী গরীব দেশের শিশুরা। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
জাতিসংঘের সংস্থা ইউনিসেফ প্রকাশিত "আমাদের জলবায়ু, আমাদের শিশু, আমাদের দায়িত্ব" শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সাল নাগাদ স্বাস্থ্য, শিক্ষা এবং লিঙ্গীয় সমতার ভিত্তিতে বিশ্বের শিশু দারিদ্র্য অর্ধেকে কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে।
ইউনিসেফ ব্রিটেনের পরিচালক ডেভিড বুল বলেন, "এটা পরিষ্কার যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যর্থতার অর্থ হচ্ছে শিশুদের রক্ষা করতে ব্যর্থ হওয়া।"
তিনি আরও বলেন, "বিশ্বের যে দরিদ্রতম শিশুরা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী সেই শিশুরাই সবচেয়ে বেশি ভুগছে।"
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে এশিয়া ও আফ্রিকার সাহারা অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় ওইসব অঞ্চলে শিশু মৃত্যুর বর্তমান সংখ্যার সঙ্গে প্রতি বছর আরও প্রায় ৪০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার শিশু মৃত্যু যোগ হতে পারে।
জতিসংঘ প্রতিবেদনটিতে আরও বলা হয়, পৃথিবীর তাপমাত্রা প্রতিবছর যদি শিল্পায়নপূর্ব অবস্থা থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ে তাহলে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ ক্ষুধার হুমকিতে পড়বে। আর যদি তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ে তবে এ হুমকিতে পড়বে প্রায় ৫৫ কোটি মানুষ।
ইউনিসেফের প্রতিবেদনে আরও দেখানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে অর্থনৈতিক ক্ষতি সাধিত হবে তার প্রভাবে বাবা মায়েরা তাদের সন্তানদের জ্বালানি ও পানি সংগ্রহের জন্য স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হবেন। অথচ দরিদ্র দেশগুলোতে এই স্কুলগুলোর খাদ্য কর্মসূচিই ছিল ওই শিশুদের কমপক্ষে একবেলা খাবারের নিশ্চয়তা।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে ম্যালেরিয়ার মতো ঘাতকব্যাধি ছড়াবে। শুধু ম্যালেরিয়া আক্রান্ত হয়েই প্রতি বছর প্রায় আট লক্ষ শিশু মারা যায়। যেসব স্থানে আগে এই রোগের প্রকোপ ছিল না এখন সেখানেও এটা বিস্তার লাভ করেছে।
বিজ্ঞানীরা ধারণা করছেন, শক্তি উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার জন্য জীবাশ্ম-জ্বালানি ব্যবহারের কারণে নির্গত কার্বনের প্রভাবে এ শতকেই বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বে বন্যা, খরা, দুর্ভিক্ষ এবং প্রলয়ঙ্করী ঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে।
তাপমাত্রা যাতে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে তা নিশ্চিত করার জন্য শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে অন্তর্ভূক্ত করে আন্তর্জাতিক চুক্তির প্রচেষ্টা চালানো হচ্ছে।
তবে কিছু পরিবেশবাদী মনে করছেন, তাপমাত্রা দুই ডিগ্রির বেশি না বাড়ার এবং কার্বন কমানোর যে পদক্ষেপ নেয়া হচ্ছে তা ৩০ বছর আগে গ্রহণ করা উচিৎ ছিল। এছাড়াও চীনের মতো দেশগুলো এখনই কার্বন নির্গমন বন্ধ করতে পারবেনা এবং তা করবেও না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩২৮ ঘ.
bdnews24