ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--গবাদিপশুর জন্য ব্যবহৃত একটি ওষুধের ব্যবহার বন্ধ করা না গেলে এশিয়ার শকুন আগামী মাত্র দশ বছরের মধ্যে বিলুপ্ত হতে পারে। একটি জরিপে দেখা গেছে, ১৯৯২ সাল থেকে ওরিয়েন্টাল হোয়াইট-ব্যাক্ড শকুনের সংখ্যা ৯৯ দশমিক ৯ শতাংশ কমে গেছে।
ভারত ডাইক্লোফেনাক নামে গরুর প্রদাহ চিকিৎসার ওই ওষুধটির উৎপাদন নিষিদ্ধ করলেও দেশের চাষী ও খামারীদের কাছে তা বিক্রি করা হচ্ছে।
বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির জার্নালে এ জরিপের ফল প্রকাশিত হয়েছে।
গবেষকরা আরো দেখেছেন, একই সময়ে দীর্ঘ চঞ্চু ও সরু চঞ্চু শকুনের সংখ্যাও প্রায় ৯৭% কমে গেছে।
গবেষকদলটির সদস্য জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের সদস্য অ্যান্ড্রু কানিংহ্যাম বলেন, বছরে এই দু'টি প্রজাতির সংখ্যা কমছে প্রায় ১৬ শতাংশ করে।
"এটা খুবই আশঙ্কাজনক। কিন্তু হোয়াইট ব্যাক্ড শকুন যেভাবে বছরে ৪৫-৫০ শতাংশ করে কমছে তা ভয়াবহ- বললেন কানিংহ্যাম ।"
ভারতীয় ও ব্রিটিশ গবেষকরা বলছেন, গবাদিপশুর মৃতদেহে ডাইক্লোফেনাকের অবশেষ থেকে যায় এবং সেই মরা গরু-বাছুর খেয়ে নজিরবিহীনহারে বিষক্রিয়ার শিকার হচ্ছে পাখিগুলি।
অ্যান্ড্রু কানিংহ্যাম বলেন, ভারতীয় সরকার ২০০৬ সালে ওষুধটির উৎপাদন নিষিদ্ধ করলেও তাতে কাজ হচ্ছে না বললেই চলে। শুধু পশুর ওষুধ হিসেবে এর উৎপাদন নিষিদ্ধ হয়েছে, সাধারণ ওষুধ হিসেবে নয়। আবার উৎপাদন নিষিদ্ধ হলেও ডাইক্লোফেনাক দিয়ে পশুর চিকিৎসা করা নিষিদ্ধ করা হয়নি। আইনের এই ফাঁক গলে ওষুধটির ব্যবহার বহাল তবিয়তে চলছে।
স
bdnews24