২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ছবিযুক্ত পরিচয়পত্রের বিধান বহাল

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ভোট দেওয়ার সময় ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর বিধান বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেখানে এই আইনের বিরোধিতা করে আদালতে রিট করেছিল ডেমোক্র্যাটরা। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদলত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ভোট দেওয়ার সময় ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর বিধান বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেখানে এই আইনের বিরোধিতা করে আদালতে রিট করেছিল ডেমোক্র্যাটরা। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদলত। ইন্ডিয়ানায় ভোট দেওয়ার সময় ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর বিধান করা হয়েছে। তবে ডেমোক্র্যাটরা এর বিরোধিতা করে জানিয়েছে, এই আইনের ফলে সেখানে সংখ্যালঘু, বৃদ্ধ ও দরিদ্রদের ভোটাধিকার প্রয়োগে অনেক সমস্যা হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঞ্চ ৬-৩ ভোটে ডেমোক্র্যাটদের আবেদনটি খারিজ করে দিয়েছে। ইন্ডিয়ানায় ডেমোক্র্যাটদের প্রাইমারির আট দিন আগে আদালত এই রায় দিল। জনমত অনুযায়ী, আগামী নভেম্বরের নির্বাচনে ভুয়া ভোট রোধ করতে এই আইনের প্রয়োজন আছে। বুশ প্রশাসনও এই বিধান সমর্থন করেছে। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আইন বিশেষজ্ঞ ন্যাথানিয়েল পারসিলি বলেন, "আগামী সপ্তাহে ইন্ডিয়ানায় ডেমোক্র্যাটদের বাছাই পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে হবে। আদালতে এই পরাজয়ের প্রভাব তখন বোঝা যাবে।" তবে ইন্ডিয়ানার জন্য আদালত এই রায় দিলেও সারাদেশে এর প্রভাব রয়েছে। কেননা যুক্তরাষ্ট্রের ২০টির বেশি রাজ্য ইতিমধ্যে ভোটার পরিচয়পত্রের বিধান করেছে এবং অন্য রাজ্যগুলোও এ ধরনের চিন্তাভাবনা করছে। এই আইন অনুযায়ী, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সব ধরনের নির্বাচনে ভোট দিতে হলে ভোটারদের ড্রাইভিং লাইসেন্সের মতো সরকারি কোনো পরিচয়পত্র দেখাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.