২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা শেষ, ফল যাচাই মঙ্গলবার

জিম্বাবুয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার এর ফল যাচাই করবে প্রার্থীরা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

হারারে, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার এর ফল যাচাই করবে প্রার্থীরা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা সোমবার একথা বলেছেন। এর আগে প্রার্থীদের অবিলম্বে নির্বাচনের ফল যাচাই শুরু করার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এতে করে নির্বাচন শেষের চার সপ্তাহ পর প্রকৃত ফল প্রকাশের পথ প্রশস্ত হল বলে মনে করা হচ্ছে। ২৯ মার্চে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন শেষের পর প্রকাশিত আংশিক ফলাফলে ক্ষমতাসীন জানু পিএফ পার্টির পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের ফল দ্রুত প্রকাশ করা নিয়ে নেতা রবার্ট মুগাবে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) এর নেতা মরগান সাভাঙ্গিরাই নির্বাচনে প্রেসিডেন্ট মুগাবেকে পরাজিত করার দাবি করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে বিলম্বের জন্য তিনি মুগাবের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও তুলেছেন। যুক্তরাষ্ট্র, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সমালোচকরাও ফল প্রকাশে দেরীর জন্য মুগাবেকে দুষছেন। কিন্তু তারপরও ফল প্রকাশের প্রক্রিয়া দ্রুত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। জিম্বাবুয়ের নির্বাচন কমিশন সোমবার ৫ টি নির্বাচনী আসনের ভোট গণনা শেষ করেছে। এখন তা মিলিয়ে দেখা হচ্ছে। এই ফল প্রকাশ করা হবে মঙ্গলবার। এ প্রক্রিয়া শেষের পর প্রার্থীদেরকে ডেকে কমিশনের গোনা ভোটের সঙ্গে নিজেদের ভোট ট্যালি মিলিয়ে দেখার আমন্ত্রণ জানানো হবে। জিম্বাবুয়ে নির্বাচন কমিশন জিইসি'র উপপ্রধান কর্মকর্তা ইউটোইলে সিলাইগওয়ানা রোববার রয়টার্সকে বলেন, "এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে নির্বাচনী ব্যালট যাচাই মঙ্গলবারই শুরু হতে পারে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "এর অর্থ হচ্ছে পুনর্গণনা শেষ হওয়া মাত্র যাচাই প্রক্রিয়া শুরু হবে। সেটি মঙ্গলবারই হতে পারে। প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রার্থীদের কাছে ভোট যাচাইয়ের জন্য লিখিত আমন্ত্রণপত্র পাঠাবেন।" প্রার্থীদের ভোট যাচাই প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীরা ভোটের ফর নিয়ে বিতর্ক তুললে ফল প্রকাশে আরও দেরী হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৬ঘ.