লন্ডন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে নির্বাচনের পর বিরোধীদের ওপর হামলার ঘটনায় শনিবার নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। একই সঙ্গে জিম্বাবুয়েতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ তদন্ত মিশন পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ব্রাউন জানিয়েছেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরপত্তা পরিষদের বৈঠক শুরু হওয়ার আগে কুটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করবে ব্রিটেন। সাবেক ব্রিটিশ উপনিবেশ জিম্বাবুয়ের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন ব্রাউন।
এক বিবৃতিতে ব্রাউন বলেন, "আগামী দিনগুলো জিম্বাবুয়ের জন্য কঠিন হবে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদার করব।"
তিনি আরও বলেন, "জিম্বাবুয়ের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে সেখানে জাতিসংঘ তদন্ত মিশন পাঠানোর জোরালো চেষ্টা করব।"
জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) দাবি গত ২৯ মার্চের নির্বাচনে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। প্রেসিডেন্ট মুগাবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়ে আসছেন।
এই অবস্থায় পার্লামেন্ট নির্বাচনের কয়েকটি আসনে আবার ভোট গণনার ব্যবস্থা করে কমিশন। তবে আংশিক ভোট পুনর্গণনায়ও পার্লামেন্টের নিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতাসীন দল জানু-পিএফ।
ব্রাউন বলেন, "যদি দ্বিতীয় দফায় ভোট হয় তবে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাতে করতে হবে। এই অবস্থায় জাতিসংঘ মহাসচিব, আফ্রিকান নেতারা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ যারা জিম্বাবুয়েতে পুনরায় গণতন্ত্র দেখতে চান আমি তাদের স্বাগত জানাই।"
তিনি আরও বলেন, "গণতন্ত্রের পথে ফিরে এলে জিম্বাবুয়েকে সব ধরণের সহযোগিতা করতে আমরা সবাই প্রস্তুত। ব্রিটেন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫৫ ঘ.
bdnews24