ওয়াশিংটন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারস্য উপসাগরে মার্কিন সেনাবাহিনীর একটি ভাড়া করা মালবাহী জাহাজ থেকে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি সতর্কতা গুলি ছোঁড়া হয়েছিল। ছোট দুটি নৌযান জাহাজটির দিকে এগিয়ে আসতে থাকায় এটা করা হয়। শুক্রবার মার্কিন নৌবাহিনী একথা জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, পেন্টাগন ইরানের বিরুদ্ধে তাদের হুমকি জোরদার করার ফলে মধ্যপ্রাচ্যে যে উদ্বেগের সৃষ্টি হয়ে আছে তা আমলে না নিয়েই বৃহস্পতিবার এ ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুটি অজ্ঞাত ছোট নৌযান যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাড়া করা মালবাহী জাহাজটির দিকে এগিয়ে আসছিল জাহাজটি তখন আন্তর্জাতিক জলসীমায় ভ্রমণ করছিল।
মার্কিন নৌবাহিনীর বাহরাইনভিত্তিক 'পঞ্চম নৌবহর' এর মুখপাত্র কমোডোর লিডিয়া রবার্টসন জানান, বেতারযোগে পাঠানো প্রশ্নের এবং একটি সতর্কতামূলক শিখা জ্বালানোর বিষয়ে নৌযান দুটি কোনো সাড়া না দেওয়ার পর মালবাহী জাহাজটির নিরাপত্তা দল সতর্কতামূলকভাবে রাইফেল ও মেশিনগানের কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
পারস্য উপসাগরের এ ঘটনার প্রভাব পরের দিন শুক্রবারই আন্তর্জাতিক তেল বাজারে দেখা দেয়। সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে এমন আশংকায় অশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি তিল ডলারের বেশি বেড়ে ১১৯ দশমিক ৫০ ডলারে উন্নীত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, তারা প্রথমে মনে করেছিলেন নৌযানগুলো ইরানের। তবে পঞ্চম নৌবহরের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এমনটা মনে করেননি।
ওদিকে, ইরানের নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপসাগরে তাদের সঙ্গে মার্কিন জাহাজের কোনো সংঘর্ষ হয়নি। তবে ইরানের রাষ্ট্রপরিচালিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল 'আল-আলাম' এর এক সাংবাদিকের বরাত দিয়ে ওই সূত্রটি জানিয়েছে, কোনো গোলাগুলির ঘটনা ঘটে থাকলে তা ইরান নয় অন্য কোনো দেশের নৌযানকে লক্ষ্য করে করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৬ ঘ.
bdnews24