২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে পরমাণু সহায়তা দিয়েছে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া সিরিয়াকে পরমাণু সহায়তা দিয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে একইদিনে একটি আলোকচিত্রও প্রকাশ করেছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া সিরিয়াকে পরমাণু সহায়তা দিয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে একইদিনে একটি আলোকচিত্রও প্রকাশ করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ একইসঙ্গে উত্তর কোরিয়া ও সিরিয়াকে চাপে ফেলতে পাওে বলে ধারণা করা হচ্ছে। একদিকে পিয়ংইয়ংকে ছয়জাতি চুক্তির শর্ত মেনে নিয়ে তাদের পরমাণু কর্মসূচির বিশদ বিবরণ প্রকাশে বাধ্য করা এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটে সিরিয়াকে কৌশলগত দিক থেকে চাপে রাখা এ পদক্ষেপের লক্ষ্য হতে পারে। উত্তর কোরিয়া ও সিরিয়ার মধ্যে এ বিষয়ে সরাসরি যোগাযোগের প্রমাণ হিসেবে দাবি করে ওই আলোকচিত্রটিতে সিরিয়ার অভ্যন্তরে এক সিরীয় পরমাণু বিজ্ঞানীর সঙ্গে উত্তর কোরিয়ার এক শীর্ষ পরমাণু বিশেষজ্ঞকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার পরমাণু স্থাপনাটি গত সেপ্টেম্বরে বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ইসরায়েল। যদিও প্রথম দিকে এ বিষয়টি স্বীকার করেনি ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, "পরমাণু চুিল্ল ধ্বংসের আগে ও পরে সিরিয়ার কার্যক্রমের অনেক ধরনের তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি যে উত্তর কোরিয়া সিরিয়ার কর্মসূচিকে সহায়তা করছে।" ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উল্লিখিত পরমাণু চুল্লিতে পরমাণু বোমার উপাদান প্লুটোনিয়াম উৎপাদন করার ক্ষমতা রয়েছে এবং ইসরায়েল হামলা চালিয়ে তা ধ্বংসের মাত্র এক মাস আগে "আগস্ট ২০০৭ এ তা প্রায় কর্মক্ষম হয়ে উঠছিল।" একজন মার্কিন কর্মকর্তা জানান, সিরিয়ার সন্দেহজনক পরমাণু চুল্লিটিতে হামলা করার জন্য ইসরায়েলকে "সবুজ সংকেত" দেয়নি যুক্তরাষ্ট্র । যুক্তরাষ্ট্রে নিয়োজিত সিরিয়ার রাষ্ট্রদূত আইমা মোস্তাফা সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থার ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, "এটা একটি কল্পনা।" তিনি বলেন, "আমি আশা করছি সবার সামনে সত্য প্রকাশিত হবে।" তিনি আরও বলেন, "মার্কিন প্রশাসন দ্বিতীয়বারের মতো অস্বস্তিতে পড়বে। তারা ইরাকে ডব্লিউএমডি (ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র) সম্পর্কে মিথ্যা বলেছে এবং তারা চিন্তা করছে তারা আবারও তা করতে পারবে।" মার্কিন কর্মকর্তারা ছবির বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন। একটি ছবিকে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এভাবে বর্ননা করেছেন যে, ওই আলোকচিত্রটিতে সিরিয়ার অভ্যন্তরে এক সিরীয় পরমাণু বিজ্ঞানীর সঙ্গে উত্তর কোরিয়ার এক শীর্ষ পরমাণু বিশেষজ্ঞকে দেখা যাচ্ছে। একজন উচ্চ পদস্থ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানান, সিরিয়ার পরমাণু চুল্লির সঙ্গে উত্তর কোরিয়ার ইয়ংবান স্থাপনার মিল রয়েছে। উত্তর কোরিয়া ওই স্থাপনা থেকেই ২০০৬ সালের অক্টোবরে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৫ ঘ.