স্টার্সবুর্গ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সমারিক জান্তার বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যাংকিং নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে প্রচারণার আহ্বান জানানো হয়েছে।
গণতন্ত্রের দাবিতে গত সেপ্টেম্বরে বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলন কঠোরভাবে দমন করার পর মিয়ানমারের বিরুদ্ধে দীর্ঘ দিনের অররোধ আরও জোরালো করে ইইউ।
ইইউ জানিয়েছে, মানবাধিকার বিষয়ে অগ্রগতি না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগামী মঙ্গলবার ইইউ মন্ত্রীদের বৈঠকে বর্তমানের আর্থিক অবরোধ ও ভিসা নিষেধাজ্ঞার মতো যে সমস্ত অবরোধ আছে তা আরও এক বছর বাড়ানো হতে পারে।
স্টার্সবুর্গে ইইউ পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে মিয়ানমারের সামরিক সরকারের মালিকানাধীন বা সরকারের অংশ আছে এমন আর্থিক প্রতিষ্ঠানসমুহকে আন্তর্জাতিক ব্যাংকিং সেবা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পার্লামেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, ৫৫১-৭ ভোটে প্রস্তাবটি পাশ হয়েছে।
এই প্রস্তাবে মিয়ানমারে যে কোনো ধরণের নতুন বিনিয়োগ না করার জন্য ইইউ সদস্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সামরিক জান্তা বড় অংকের রাজস্ব পায় এমন পণ্যের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে।
এছাড়াও মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে প্রচারণার আহ্বান জানানো হয়েছে। কেননা ইইউ নিষেধাজ্ঞা থাকলেও সামরিক জান্তা চীন,রাশিয়া ও ভারতের কাছ থেকে অস্ত্র কিনছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০০ ঘ.
bdnews24