২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক-আফগান যুদ্ধের নেতৃত্বভার নিচ্ছেন পেত্রাউস

মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সেনা অভিযানের নেতৃত্বভার ইরাকের মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসকে দিচ্ছে বুশ প্রশাসন। আর শুধুমাত্র বাগদাদের ভার দেওয়া হচ্ছে সাবেক ২ নাম্বার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রেমন্ড ওডিয়েরনোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 08:25 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সেনা অভিযানের নেতৃত্বভার ইরাকের মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসকে দিচ্ছে বুশ প্রশাসন। আর শুধুমাত্র বাগদাদের ভার দেওয়া হচ্ছে সাবেক ২ নাম্বার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রেমন্ড ওডিয়েরনোকে। ইরাকে সহিংসতা কমিয়ে আনতে নতুন সেনা কৌশল বাস্তবায়নে সক্ষম হওয়ার কারণেই এই দুজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে করে বোঝা যাচ্ছে যে, ইরাক-আফগানিস্তান যুদ্ধ পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন করেনি ওয়াশিংটন। তাছাড়া এতে করে আফগানিস্তানেও বিদ্রোহিদের সঙ্গে লড়াইয়ে পেত্রাউসের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পেন্টাগনের ইচ্ছার বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে। কারণ, আফগানিস্তানে আল-কায়েদা এবং তালেবানরা পুনসংগঠিত হতে থাকায় ইতোমধ্যেই সেখানে সহিংসতা বেড়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মার্কিন সেন্ট্রাল কমাণ্ড পরিচালনা এবং ইরাক ও আফগান যুদ্ধে জঙ্গিবিরোধী অভিযান চালানোর ক্ষেত্রে পেত্রাউসকে সবচে দক্ষ জেনারেল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই দুই যুদ্ধ চালিয়ে নিতে মার্কিন সেনাবাহিনীতে এর চেয়ে দক্ষ আর কেউ আছে কিনা তা আমার জানা নেই। গেটস বলেন, প্রেসিডেন্ট বুশ দুজনের জন্য করা সুপারিশই অনুমোদন করেছেন এবং দুজনের মনোনয়নপত্র সিনেটে পাঠাবেন। মে মাসের শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য সিনেটকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই সিদ্ধান্ত গ্রীষ্মের শেষে কিংবা শীতের শুরুর আগে না হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন গেটস। সিনেট এই সিদ্ধান্ত নিলে পেত্রাউস সাবেক এডমিরাল ইউলিয়াম ফ্যালোনের স্থলাভিষিক্ত হবেন। যিনি ইরান নীতি নিয়ে বুশ প্রশাসনের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছিলেন। পেত্রাউস দায়িত্ব নিলে তাকে ইরান, পাকিস্তানসহ অন্য প্রায় ২৫ টি দেশের বিভিন্ন অঞ্চলে মার্কিন অভিযানের তদারকি করতে হবে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় মার্কিন স্বার্থরক্ষার বিষয়টিও তার দায়-দায়িত্বের মধ্যে পড়বে। এর মধ্যে রয়েছে ইরানের হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর বিতর্কিত তেল অন্বেষণের বিষয়টি। ইরাক ও আফগানিস্তানে সেনা বাড়ানো কিংবা কমানোর সিদ্ধান্তও দিতে হবে তাকেই। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান উত্তেজনাও পেত্রউসকে সামাল দিতে হবে। আবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী কার্যক্রম সমর্থনের দায়-দায়িত্বও তার ওপরই বর্তাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২১ ঘ.