কারাকাস, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ মঙ্গলবার বলেছেন, ক্রমবর্ধমান খাদ্যমূল্য বিশ্বের গরিব লোকদের ওপর এক 'ম্যাসাকার' এবং এর ফলে একটি বৈশ্বিক পুষ্টি সংকট সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে শ্যাভেজ এ বিষয়টিকে পুঁজিবাদের পতনের এক আলামত হিসেবে অভিহিত করেছেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মঙ্গলবার খাবারের উচ্চমূল্যকে এক 'নীরব সুনামি' হিসেবে অভিহিত করার কয়েক ঘণ্টা বাদে এসব কথা বলেন শ্যাভেজ। ডব্লিউএফপি'র ওই বক্তব্যে বলা হয়, এ 'নীরব সুনামি' বিশ্বের প্রত্যেক মহাদেশে ১০ কোটিরও বেশি মানুষকে ক্ষুধার হুমকিতে ফেলে দিচ্ছে।
ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণহানির বিষয়ে জাতিসংঘের পরিসংখ্যান উদ্ধৃত করে শ্যাভেজ এক টেলিভিশন ভাষণে বলেন, "বিশ্বে যা ঘটছে তা সত্যিকারের এক ম্যাসাকার। এ সমস্যা খাদ্য উৎপাদনের সমস্যা নয়। এটা বিশ্বের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক মডেলের সমস্যা। পুঁজিবাদী মডেল এখন সংকটে।"
এর আগে গত রোববার ঘানায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য দারিদ্র্য বিমোচনের অগ্রগতিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আর এভাবে খাদ্যমূল্য বাড়তে থাকলে বিঘি
bdnews24