ওয়াশিংটন, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশি হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট হলে এবং ইরান ইসরায়েলে পরমাণু হামলা চালালে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবেন। মঙ্গলবার তিনি একথা বলেছেন।
এবিসি টেলিভিশনের 'গুড মর্নিং আমেরিকা' অনুষ্ঠানে হিলারি বলেন "ইরানবাসী জেনে রাখুন, আমি প্রেসিডেন্ট হলে ইরান আক্রমণ করব।"
মনোনয়ন প্রতিযোগিতার বাছাই পর্বের নির্বাচনে মঙ্গলবার পেনসিলভানিয়ায় প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার মুখোমুখি হচ্ছেন সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি। হোয়াইট হাউসের দখল নিতে ডেমোক্র্যাট দল থেকে রিপ্যাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের মুখোমুখি কে হবেন মঙ্গলবারের এই নির্বাচনই হয়তো তা নির্ধারণ করে দেবে।
মনোনয়ন প্রতিযোগিতায় পিছিয়ে থাকা হিলরি বলেন, "আগামী দশ বছরে ইরান হয়তো ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর মতো বোকামি করতে পারে। যদি তারা তা করে তাহলে আমরা ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেব।"
তিনি আরও বলেন, "আমি যা বলছি তা খুবই ভয়াবহ। তবে যারা এখন ইরানের নেতৃত্ব দিচ্ছেন তাদের জানা উচিত ইসরায়েলে হামলা করলে তা হবে বেপরোয়া, বোকামি ও ভয়াবহ। আমার এই হুমকি হয়তো তাদের সে কাজে নিরুৎসাহিত করবে।"
এক সপ্তাহ আগের চেয়ে তিনি ইরানের বিষয়ে আরও কঠোর মন্তব্য করলেন। গত সপ্তাহে এক বিতর্কে তিনি বলেছিলেন, ইসরায়েলে হামলা করলে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিবেন।
তার প্রতিদ্বন্দ্বী ইলিনয়সের সিনেটর ওবামা হিলারি এই মন্তব্যকে আস্ফালন বলে উড়িয়ে দিয়েছেন।
এবিসি টেলিভিশনকে আলাদা এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "গত কয়েক বছরে আমরা 'নিশ্চিহ্ন' করে দেওয়ার মতো অনেক আস্ফালন শুনেছি। এই ধরনের কথায় ভাল ফল হতে পারে না। কাজেই আমি এই আস্ফালনের বিষয়ে আগ্রহী নই।"
তবে তিনি বলেন, "ইসরায়েল বা অন্য কোনো মিত্র দেশে ইরান হামলা চালালে তিনি 'দ্রুত ও জোরালো' ব্যবস্থা নেবেন।"
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা বানোনোর চেষ্টা করছে। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24