মাদ্রিদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের দক্ষিণাঞ্চলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ফিনল্যান্ডের নয় পর্যটক নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। শনিবার স্পেনের 'সিভিক গার্ড' একথা জানিয়েছে।
সিভিক গার্ড এর একজন মুখপাত্র বলেন, "বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। মনে হচ্ছে, তারা সবাই ফিনল্যান্ডের নাগরিক।"
তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের ছয়জনের অবস্থা গুরুতর।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, আরেকটি গাড়ি বাসটিকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্পেনের রাষ্ট্রীয় বেতার জানিয়েছে, বেনালমাদিনা ও তোরেমলিনস শহরের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় পর্যটকরা তাদের দেশ ফিনল্যান্ডে যাওয়ার জন্য মালাগা বিমানবন্দরে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪৩ ঘ.
bdnews24