২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানদের হাতে জিম্মি পাকিস্তানি রাষ্ট্রদূত

খাইবার অঞ্চল থেকে গত ফেব্র"য়ারি মাসে নিখোঁজ হয়ে যাওয়া আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত তারিক আজিজুদ্দীন তালেবান যোদ্ধাদের কাছে জিম্মি রয়েছেন। শনিবার আরবি ভাষার টেলিভিশন 'আল আরাবিয়া'য় প্রকাশিত এক ভিডিওচিত্রে তিনি একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

দুবাই, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাইবার অঞ্চল থেকে গত ফেব্র"য়ারি মাসে নিখোঁজ হয়ে যাওয়া আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত তারিক আজিজুদ্দীন তালেবান যোদ্ধাদের কাছে জিম্মি রয়েছেন। শনিবার আরবি ভাষার টেলিভিশন 'আল আরাবিয়া'য় প্রকাশিত এক ভিডিওচিত্রে তিনি একথা জানিয়েছেন। অপহৃত রাষ্ট্রদূত ইসলামাবাদের কাছে তালেবান যোদ্ধাদের দাবি-দাওয়া মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন। ভিডিওচিত্রে দেখা যায় সশস্ত্র যোদ্ধারা রাষ্ট্রদূত তারিক আজিজুদ্দীনকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। তার বিবৃতি আরবি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছে আল আরাবিয়া টেলিভিশন। নিখোঁজ হওয়ার পর এটি তার প্রথম বিবৃতি। এতে তিনি বলেন, "আমরা তালেবান মুজাহিদিনদের দ্বারা অপহৃত হয়েছি। আমি উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের ব্যথার মতো স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত।" ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানের পর আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অসংখ্য লোক অপহৃত হয়েছেন। এ সীমান্তে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের নিখোঁজ হওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ঘনিষ্ঠ মিত্র পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এতদিন রাষ্ট্রদূত তারিক আজিজুদ্দীন অপহৃত হওয়ার বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে, শনিবার পাকিস্তান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তিনি জঙ্গিদের কাছে আটক রয়েছেন এবং ওই জঙ্গিরা তাদের গ্রেফতারকৃত সহযোদ্ধাদের মুক্তির দাবি জানাচ্ছে। তারিক আজিজুদ্দীন গত ফেব্র"য়ারি মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহর থেকে কাবুলে যাওয়ার পথে খাইবার আদিবাসী এলাকায় তার গাড়িচালক ও দেহরক্ষীসহ নিখোঁজ হন। তবে তার গাড়িচালক ও দেহরক্ষীর কী হয়েছে সে সম্পর্কে আজও পরিষ্কার হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪৩ ঘ.