২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি পর্যটকদের জন্য 'শিগগির' তিব্বত উন্মুক্ত করবে চীন

চীন 'শিগগির' তিব্বতের সকল পর্যটন এলাকা বিদেশি পর্যটকদের জন্য পুনরায় খুলে দেবে। পাশাপাশি সেখানকার মন্দিরগুলোও পুনরায় ধর্মীয় কার্যকলাপ শুরু করতে পারবে। শনিবার চীনের সরকারি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 07:07 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বেইজিং, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন 'শিগগির' তিব্বতের সকল পর্যটন এলাকা বিদেশি পর্যটকদের জন্য পুনরায় খুলে দেবে। পাশাপাশি সেখানকার মন্দিরগুলোও পুনরায় ধর্মীয় কার্যকলাপ শুরু করতে পারবে। শনিবার চীনের সরকারি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। এক সরকারি বিবৃতির বরাত দিয়ে চায়না ডেইলি পত্রিকা জানিয়েছে, "সকল পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতির জন্য তিব্বত পর্যটন ব্যুরো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।" তবে এ বিষয়ে পত্রিকাটি সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। এর আগে চীনা সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছিল যে, পহেলা মে থেকে বিদেশি পর্যটকদের জন্য তিব্বত খুলে দেওয়া হবে। তবে চীন সরকার এ তারিখ নিশ্চিত করেনি। এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, এই আগস্টের অলিম্পিক শেষ হওয়ার আগ পর্যন্ত তিব্বতে কোনো বিদেশিকে প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা নেই বেইজিংয়ের। প্রসঙ্গত, তিব্বতে ভ্রমণের জন্য সকল বিদেশি পর্যটককেই বিশেষ অনুমতি নিতে হয়। শনিবার বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, অস্থিতিশীলতার জন্য ক্ষতিগ্রস্ত লাসার মন্দিরগুলোও শিগগির তাদের ধর্মীয় কর্মকাণ্ড শুরু করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০৩ ঘ.