হারারে, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে সরকারকে চাপ প্রয়োগে বিরোধী দলের ডাকা মঙ্গলবারের দেশব্যাপী সাধারণ ধর্মঘট ব্যর্থ হয়েছে। কিন্তু এর নেতিবাচক পরিণতির আশঙ্কায় দক্ষিণ আফ্রিকা জুড়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।
সরকারের কঠোর দমনাভিযানের আশঙ্কা এবং ধ্বসে পড়া অর্থনীতির মুখে জিম্বাবুয়েবাসীদের বেঁচে থাকার সংগ্রামের কারণে ব্যর্থ হয়েছে বিরোধীদলের ডাকা মঙ্গলবারের ধর্মঘট। রাজধানী হারারেসহ বহু জায়গাতেই জনগণ ধর্মঘটে সাড়া দেয়নি।
জিম্বাবুয়ের উচ্চ আদালত বিরোধীদলের অবিলম্বে প্রেসিডেন্ট নির্বাচনী ফল প্রকাশের আবেদন নাকচ করার পর এ নিয়ে দ্বিতীয়বার প্রতিবাদ জানাতে ব্যর্থ হল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)।
তবে বিরোধীদল এমডিসি'র অবিলম্বে প্রেসিডেন্ট নির্বাচনী ফল প্রকাশের দাবি সমর্থন করেছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসি।
এএনসি নির্বাচনী ফল প্রকাশে বিলম্ব না করার পক্ষে। কিন্তু এ নিয়ে এএনসি এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যে মতবিরোধ থাকায় পার্টির নির্বাহী ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বলছে, গোটা দক্ষিণ আফ্রিকা জুড়ে নেতিবাচক পরিণতির আশঙ্কায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
এমবেকি গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে যাওয়া সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) আহুত সম্মেলনে বলেছিলেন, জিম্বাবুয়েতে নির্বাচন পরবর্তী কোনো সঙ্কট নেই। ওদিকে, এএনসি কমিটি বলেছে, মধ্যস্থতাকারী হিসাবে এমবেকির উচিত নিরপেক্ষ অবস্থান নেওয়া।
উল্লেখ্য, গত ডিসেম্বরে জ্যাকব জুমা এএনসি প্রধানের পদ থেকে এমবেকিকে পদচ্যুত করে এই ফল জনসম্মুখে ঘোষণার আহ্বান জানায়।
জিম্বাবুয়েতে মঙ্গলবার ধর্মঘট ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়। রাজধানী হারারেসহ সারা দেশে সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে বহু চেক পয়েন্ট বসায় পুলিশ ও সেনাবাহিনী।
দেশটির উচ্চ আদালত অবিলম্বে নির্বাচনী ফল প্রকাশে বিরোধী দলের আবেদন নাকচ করে দেওয়ার পরদিন এ ধর্মঘটের ডাকে মরগান সাভাঙ্গিরাইয়ের নেতৃত্বাধীন 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'-এমডিসি।
বিরোধী দল এমডিসি জিম্বাবুয়ের জনগণকে অনির্দিষ্ট কালের জন্য ঘরে অবস্থান করার আহ্বান জানায়। ওদিকে, ট্রাক ও জলকামানসহ আরও নানা ধরনের সরঞ্জাম নিয়ে সেনাবাহিনী হারারের আশপাশে বিরোধী দলের শক্ত ঘাঁটিগুলোতে টহল দিতে শুরু করে। এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা চেক পয়েন্ট স্থাপন করেন।
এমডিসি'র সমর্থক অধ্যুষিত একটি শহরের চেকপয়েন্টে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা অবশ্য একে "একটি নিয়মিত নিরাপত্তা টহল" বলে দাবি করেছেন।
গত ২৯ মার্চ একইসঙ্গে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি। পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল এমডিসি জয় লাভ করেছে। বিরোধী দলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই'র দাবি পার্লামেন্ট নির্বাচনের মতো প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের জয় হয়েছে।
কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এখনও ভোট গণনা করছে এবং যাচাই করে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/১৪১৫ ঘ.
bdnews24