২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত চায় পাকিস্তানের পার্লামেন্ট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রধান বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত চায় নবনির্বাচিত পার্লামেন্ট। জাতিসংঘ তদন্তের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সোমবার একটি প্রস্তাব পাস হয়েছে পার্লামেন্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ইসলামাবাদ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রধান বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত চায় নবনির্বাচিত পার্লামেন্ট। জাতিসংঘ তদন্তের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সোমবার একটি প্রস্তাব পাস হয়েছে পার্লামেন্টে। পিপিপি'র নেতৃত্বাধীন জোট সরকারের আইনমন্ত্রী ফারুক নায়েক বলেছেন, "এর (জাতিসংঘ তদন্ত ) মাধ্যমে এই জঘন্যতম অপরাধের জন্য দায়ী দুস্কৃতিকারী এবং এর ষড়যন্ত্রকারী, সংগঠক ও তহবিল যোগানদাতাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে।" গত বছরের ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে এক নির্বাচনী জনসভা শেষে আততায়ীর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির। নির্বাসন থেকে ফেরার আগে থেকেই চরমপন্থী সংগঠনগুলি দেশে ফিরলে বেনজিরকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিল। কিন্তু দেশে ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই বেনজিরের গাড়ি বহরে আত্মঘাতী হামলার পরও সরকার তার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় মুশাররফ সরকারের বিরুদ্ধে বেনজিরকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করে তিনি এবং তার দল। মৃত্যুর কয়েকদিন আগে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে লেখা এক চিঠিতে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বলে সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাসহ বেশ কয়েকটি চরমপন্থী গোষ্ঠীর নাম উল্লেখ করে অভিযোগ করেন বেনজির। বেনজিরের দল ছাড়াও পাকিস্তানের অনেক সাধারণ মানুষও বিশ্বাস করেন যে তার হত্যাকাণ্ডের পেছনে মুশাররফ প্রশাসন কিংবা তার মদদপুষ্টদের হাত রয়েছে। পাকিস্তানের সেনা সদর দপ্তর রাওয়ালিপিণ্ডিতে কড়া নিরাপত্তা নজরদারি এড়িয়ে বেনজিরের জনসভায় হামলা এবং হামলার পর নিরাপত্তা বাহিনীর দ্বারা ঘটনাস্থলের আলামত নষ্ট করে দেওয়াসহ কোন ময়নাতদন্ত ছাড়াই বেনজিরের লাশ দাফন করে ফেলার সরকারি উদ্যোগের কারণে এ সন্দেহ আরও বাড়ে। মুশাররফ সরকার এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বেনজির হত্যাকাণ্ডের জন্য আলকায়েদার সমর্থনপুষ্ট পাকিস্তানি জঙ্গি বাইতুল্লাহ মেহসুদ এবং তার অনুসারীদের দায়ি করেছে। পরবর্তীতে ব্রিটিশ গোয়েন্দারা ঘটনা তদন্তে পাকিস্তানে এলেও তারা মুশাররফের মতকেই সমর্থন করে। ওদিকে, শুরু থেকেই জাতিসংঘ তদন্তের বিরোধিতা করে আসছিলেন প্রেসিডেন্ট মুশাররফ। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৯ ঘ.