২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট নিয়ন্ত্রণে জিম্বাবুয়েতে নিরাপত্তা কড়াকড়ি আরোপ

জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে সরকারকে চাপ প্রয়োগে বিরোধী দলের ডাকা মঙ্গলবারের দেশব্যাপী সাধারণ ধর্মঘট নিয়ন্ত্রণের দেশজুড়ে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানী হারারেসহ সারা দেশে সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে বহু চেক পয়েন্ট বসিয়েছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

হারারে, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে সরকারকে চাপ প্রয়োগে বিরোধী দলের ডাকা মঙ্গলবারের দেশব্যাপী সাধারণ ধর্মঘট নিয়ন্ত্রণের দেশজুড়ে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানী হারারেসহ সারা দেশে সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে বহু চেক পয়েন্ট বসিয়েছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী। দেশটির উচ্চ আদালত অবিলম্বে নির্বাচনী ফল প্রকাশে বিরোধী দলের আবেদন নাকচ করে দেওয়ার পরদিন এ ধর্মঘটের ডাক দিল মরগান সাভাঙ্গিরাইয়ের নেতৃত্বাধীন 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'-এমডিসি। বিরোধী দল এমডিসি জিম্বাবুয়ের জনগণকে অনির্দিষ্ট কালের জন্য ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে। বিরোধী নেতা সাভাঙ্গিরাই এবং তার অনুসারীরা প্রত্যাশা করছেন জিম্ববুয়ের নাগরিকরা রাস্তায় না বেরিয়ে তাদের এই ধর্মঘটকে সমর্থন জানাবে। ওদিকে, ট্রাক ও জলকামানসহ আরও নানা ধরনের সরঞ্জাম নিয়ে সেনাবাহিনী হারারের আশপাশে বিরোধী দলের শক্ত ঘাঁটিগুলোতে টহল দিচ্ছে। এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা চেক পয়েন্ট স্থাপন করেছে। এমডিসি'র সমর্থক অধ্যুষিত একটি শহরের চেকপয়েন্টে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা অবশ্য একে "একটি নিয়মিত নিরাপত্তা টহল" বলে দাবি করেছেন। গত ২৯ মার্চ একইসঙ্গে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি। পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল এমডিসি জয় লাভ করেছে। বিরোধী দলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই'র দাবি পার্লামেন্ট নির্বাচনের মতো প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের জয় হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এখনও ভোট গণনা করছে এবং যাচাই করে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪১৫ ঘ.