বাগদাদ, এপ্রিল, ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পুরো একদিন শান্ত থাকার পর বাগদাদের সদর সিটিতে আবারও মার্কিন বাহিনী ও ইরাকি সেনাদের সঙ্গে শিয়া বন্দুকধারীদের লড়াই শুরু হয়েছে। এরই মধ্যে বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান স্কয়ারে এক বিস্ফোরণে ৫ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
সদর সিটিতে প্রায় ২০ লাখ লোকের বাস। এখানে সদ্যই ঘটে গেছে মার্কিন-ইরাকি বাহিনীর সঙ্গে শিয়া নেতা মুকতাদা আল সদরের অনুগত মুখোশ পরা বন্দুকধারীদের বড় ধরনের লড়াই। তিন সপ্তাহের এ লড়াইয়ে আটকে পড়া অধিবাসীরা লড়াইয়ে সাময়িক বিরতিতে স্বস্তির নি:শ্বাস ফেলতে না ফেলতেই আবার লড়াইয়ের মুখে পড়েছে।
শনিবার সরকার যানবাহন চলাচলের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিলে জনমনে আশার সঞ্চার হয়। কিন্তু রোববার অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি আবারও অশান্ত হয়ে ওঠে ভোররাতে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে।
এক মুদি দোকানদার আলী সিত্তারের উক্তি, "মধ্যরাতের পর আমরা বোমাবর্ষণ এবং সংঘর্ষের শব্দ শুনেছি। প্রায় ১ ঘন্টা এ অবস্থা চলে। তারপর তা থেমে যায়। সকাল পর্যন্ত আকাশে চক্কর দিয়েছে মার্কিন বাহিনীর বিমান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৮ঘ.
bdnews24