২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের আদালতে অবিলম্বে নির্বাচনী ফল প্রকাশের আবেদন নাকচ

জিম্বাবুয়েতে অবিলম্বে নির্বাচনের ফল প্রকাশ করতে নির্বাচন কমিশনকে বাধ্য করার জন্য বিরোধী দলের আবেদন সোমবার প্রত্যাখ্যান করেছে উচ্চ আদালত। অবিলম্বে ফল প্রকাশে নির্দেশ দিতে আদালতের অস্বীকৃতি বিরোধীদল এমডিসি'র জন্য একটি বড় ধরনের ধাক্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

হারারে, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়েতে অবিলম্বে নির্বাচনের ফল প্রকাশ করতে নির্বাচন কমিশনকে বাধ্য করার জন্য বিরোধী দলের আবেদন সোমবার প্রত্যাখ্যান করেছে উচ্চ আদালত। অবিলম্বে ফল প্রকাশে নির্দেশ দিতে আদালতের অস্বীকৃতি বিরোধীদল এমডিসি'র জন্য একটি বড় ধরনের ধাক্কা। এমডিসি'র আবেদন নাকচ করে বিচারক তেন্দাই উচেনা বলেন, "আমি মামলাটি মূল্য দিয়েই খারিজ করছি।" এ ব্যাপারে উচেনা বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। তবে তিনি বলেন, মঙ্গলবার আদালত এ ব্যাপারে কথা বলবে। ভোট গণনা এখনও চলছে এবং তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এই যুক্তিতে জিম্বাবুয়ের নির্বাচন কমিশন বিরোধীদলের অবিলম্বে ফল ঘোষণার আবেদনের বিরোধিতা করেছে। মুগাবেকে ক্ষমতায় টিকে থাকতে সেনাবহিনী সহায়তা করতে পারে - এমন আশঙ্কা না করার জন্য দেশবাসীকে রোববার তথ্যমন্ত্রীর আশ্বাসের পরদিনই আদালত এ ব্যাপারে রায় দেবে বলে আশা করা হচ্ছিল। ওদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে একইদিনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়েও বিতর্ক সৃষ্টি হওয়ায় ২৩টি নির্বাচনী আসনের ফলাফল পুনর্গণনা করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ মার্চের নির্বাচনের পর দুই সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। একইসঙ্গে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে এবং তাতে ক্ষমতাসীন জানু-পিএফ দল পরাজিত হয়েছে। জানু-পিএফ দলের নেতা এবং স্বাধীনতার পর থেকে ২৮ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে কিংবা বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ -এমডিসি নেতা মর্গান সাভাঙ্গিরাই কেউই প্রেসিডেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে দাবি করেছে সরকার। কিন্তু মুগাবের এ দাবি প্রত্যাখ্যান করে নির্বাচনে জয়ের দাবি জানিয়ে অবিলম্বে ফল প্রকাশ করার জন্য আন্দোলন করে আসছেন বিরোধী নেতা সাভাঙ্গিরাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯৪৫ঘ.