সিডনি, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোম্পানিগুলোকে কর্মীদের ইমেইল ও ইন্টারনেট যোগাযোগের ওপর নজরদারি করার অনুমতি দেবে অস্ট্রেলিয়া। নতুন সন্ত্রাসবাদ মোকাবেলা আইনের আওতায় এ অনুমতি দিতে যাচ্ছে দেশটি। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী সোমবার একথা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার বর্তমান টেলিকমিউনিকেশন আইনের আওতায় শুধুমাত্র নিরাপত্তা সংস্থাগুলোই কোনো অনুমতি ছাড়াই কর্মীদের ইমেইল চেক করতে পারে। ২০০৯ সালে এ আইনের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে।
তবে এ আইনের আওতায় কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলানো হবে না উল্লেখ করে উপপ্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সোমবার বলেছেন, "আমি প্রতিশ্র"তি দিচ্ছি যে আপনারা কে বড়দিনের উৎসবে কি করলেন সে বিষয়ক ইমেইলে নাক গলাবো না আমরা।"
একটি স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎতকারে তিনি বলেন, "বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত। যদি আমাদের ব্যাংকিং ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ে, যদি আমাদের ইলেকট্রনিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ে তাহলে তা নিশ্চয়ই আমাদের সমাজে মারাত্মক প্রভাব ফেলবে।"
তিনি বলেন , " আমরা নিশ্চিত করতে চাই যে এগুলো সন্ত্রাসবাদীদের হামলা থেকে নিরাপদ থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩৫ ঘ.
bdnews24