গাজা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় গাজা উপতক্যায় জ্বালানি সরবরাহ শুরু না করলে সেখানকার প্রধান শক্তিকেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে অন্ধকারে নিমজ্জিত হতে পারে হামাস নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকাটির পাঁচ লাখের বেশি মানুষ। শনিবার শক্তিকেন্দ্রটির পরিচালক একথা জানিয়েছেন।
গাজা উপত্যকার প্রধান শক্তিকেন্দ্রটিতে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত একটি সীমান্ত পথে বুধবার হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। এর পরদিন থেকে গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল।
শনিবার শক্তিকেন্দ্রটির পরিচালক রফিক মালিহা গাজায় সাংবাদিকদের বলেন, "কয়েক দিনের মধ্যে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু না হলে আমরা পুরো শক্তিকেন্দ্রটি বন্ধ করে দিতে বাধ্য হব। এর অর্থ হচ্ছে, আমরা গাজায় বসবাসরত সাড়ে পাঁচ লাখের বেশি লোককে বিদ্যুৎ সেবা দিতে পারব না।"
প্রসঙ্গত, গাজা উপত্যকায় বসবাসকারী প্রায় ১৫ লাখ ফিলিস্তিনির অধিকাংশই বাইরের সাহায্যের উপর নির্ভরশীল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮০০ ঘ.
bdnews24