হারারে, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের নির্বাচন নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসনের লক্ষ্যে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে আলোচনার জন্য শনিবার হারারে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি।
শনিবার দিনের শেষেই জাম্বিয়ার রাজধানী লুসাকায় জিম্বাবুয়ের নির্বাচনী সঙ্কট নিয়ে "সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি" (এসএডিসি) এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জিম্বাবুয়ের বিতর্কিত নির্বাচন নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসন এবং সে অচলবস্থা যাতে সহিংস রূপ না নেয় সে লক্ষ্যে জাম্বিয়ার প্রেসিডেন্ট এ সম্মেলনের আহ্বান জানিয়েছেন।
অবশ্য, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে এসএডিসি শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না।
লুসাকায় এসএডিসি'র শীর্ষ সম্মেলনের আগেই মুগাবের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এমবেকির। এটা হলে তা হবে জিম্বাবুয়েতে গত ২৯ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পর এমবেকি-মুগাবের প্রথম বৈঠক।
প্রসঙ্গত, জিম্বাবুয়ের ওই নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশিত হলেও এখন পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
জিম্বাবুয়ের প্রধান বিরোধী দল "মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ" (এমডিসি) পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। পাশাপাশি তারা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪৭ ঘ.
bdnews24