২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সদর সিটিতে সংঘর্ষে ১৩ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে শুক্রবার রাতে ইরাকি ও মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৩ জন বন্দুকধারী নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী শনিবার এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

বাগদাদ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে শুক্রবার রাতে ইরাকি ও মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৩ জন বন্দুকধারী নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী শনিবার এ কথা জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারীদের শক্ত ঘাঁটি পূর্ব বাগদাদের ওই ঘটনাকে "জটিল" সংঘর্ষ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যোদ্ধারা রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে, রাইফেলের গুলি চালিয়ে এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায়। এর জবাবে মার্কিন সেনাবাহিনী তাদের লক্ষ্য করে বিমান থেকে কমপক্ষে একটি 'হেলফায়ার' ক্ষেপণাস্ত্র এবং একটি এমআই ট্যাংক থেকে দুই রাউন্ড গোলা নিক্ষেপ করে। এ সপ্তাহজুড়েই বাগদাদের সদর সিটিতে সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৬ এপ্রিল ইরাকি সেনাবাহিনী এলাকাটিতে সামরিক অভিযান শুরু করার পর শুক্রবার রাতেই সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে। ওদিকে রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন, রাতব্যাপী তীব্র সংঘাতের পর শনিবার সদর সিটির কিছু এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে শিয়া নেতা সদরের এ শক্ত ঘাঁটি অবরোধ করে রেখেছে ইরাকি কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬০৩ ঘ.