২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নির্বাচনের প্রাথমিক ফলাফলে মাওবাদীরা এগিয়ে

নেপালে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাবেক মাওবাদী গেরিলারা এগিয়ে রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার এ পর্যন্ত ঘোষিত ২০টি নির্বাচনী আসনের মধ্যে ১১টিতেই বিজয়ী হয়েছে মাওবাদীরা। এছাড়া ভোট গণনা চলতে থাকা ১২১টি আসনের মধ্যে ৬১টিতেও এগিয়ে রয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

কাঠমান্ডু, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাবেক মাওবাদী গেরিলারা এগিয়ে রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার এ পর্যন্ত ঘোষিত ২০টি নির্বাচনী আসনের মধ্যে ১১টিতেই বিজয়ী হয়েছে মাওবাদীরা। এছাড়া ভোট গণনা চলতে থাকা ১২১টি আসনের মধ্যে ৬১টিতেও এগিয়ে রয়েছে তারা। ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার পর্যাপ্ত সুযোগ না থাকায় ও দুর্গম অঞ্চল থেকে ব্যালট বাক্স সংগ্রহ এবং খালিহাতে ভোট গণনা চলতে থাকায় সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে প্রায় ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন আরও জানিয়েছে, প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সঠিক নিয়মনীতি অনুসরণ না করায় এবং বিতর্ক সৃষ্টি হওয়ায় মোট প্রায় ২১,০০০ ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৩৩টিতে পুনরায় নির্বাচন করার সিদ্ধান্তও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ৮৩ বছর বয়সী প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা বলেছেন, এখন রাজনীতিকদের দায়িত্ব হবে 'পারষ্পরিক বোঝাপড়া এবং মতৈক্যের ভিত্তিতে' একটি নতুন সংবিধান প্রণয়ন করা। মাওবাদী নেতা প্রচন্ডও নির্বাচনে ভোটারদের "উৎসাহী অংশগ্রহণের" প্রশংসা করেন এবং একইসঙ্গে তাদের "ধৈর্য্য, ত্যাগ ও উদ্যমের" জন্য দেশবাসীকে অভিনন্দন জানান। ১৯৯৯ সালের পর নেপালে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা সংবিধান পরিবর্তনে সক্ষম একটি 'গণপরিষদ' গঠনই এ নির্বাচনের লক্ষ্য। নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতকের রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭২৩ ঘ.