সিউল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)--- কয়েক বছরের মধ্যে সবচে ভয়াবহ খাদ্য সঙ্কট মোকাবেলায় মরিয়া হয়ে আন্তর্জাতিক সাহায্যের দিকে তাকিয়ে আছে উত্তর কোরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।
সিউলের কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯০ সালে উত্তর কোরিয়ায় খাদ্য ঘাটতি দেখা দেওয়ার পর থেকে বর্তমান সময়েই এ ঘাটতি চরমে পৌঁছেছে। গত বছর হয়ে যাওয়া বন্যা, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য এবং পিয়ংইয়য়ে অন্যতম খাদ্য যোগানদাতা দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাজনৈতিক বিবাদের কারণে উত্তর কোরিয়ায় এই সঙ্কট জটিল আকার ধারণ করেছে।
অজ্ঞাতপরিচয় ওই জাতিসংঘ কর্মকর্তা বলেছেন, "উত্তর কোরীয়রা এই কঠিন সময়ের কথা জানে এবং গত কয়েক সপ্তাহে তারা অনেকবার পরিস্কার করে জানিয়েছে যে, ক্রমবর্ধমান চাহিদা পূরণে তাদের বৈদেশিক সাহায্য প্রয়োজন।"
উত্তর কোরিয়ায় শস্য উৎপাদন ভালো হওয়ার পরও দেশটিতে প্রায় ১০ লাখ টন খাদ্য ঘাটতি বা প্রয়োজনীয় খাদ্যের ২০ শতাংশ ঘটতি আছে। এই ঘাটতি পূরণে উত্তর কোরিয়া বেশির ভাগ ক্ষেত্রেই নির্ভর করছে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলোর ওপর।
জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সূত্র থেকে এ চিত্র পরিস্কার যে, উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং একথা প্রকাশ্যে তুলে ধরা প্রয়োজন।
উল্লেখ্য ১৯৯০ সালের মধ্যভাগে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে ১০ লক্ষাধিক মানুষ মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৬ঘ.
bdnews24