হারারে, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ নিয়ে দীর্ঘসূত্রিতা অবসানের উপায় খুঁজতে শনিবার জরুরি সম্মেলন ডেকেছে দক্ষিণ আফ্রিকার ১৪ টি দেশের আঞ্চলিক সংগঠন 'এসএডিসি'। কিন্তু ফল প্রকাশের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে মুগাবে তাতে যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় বেতার।
বেতারে বলা হয়েছে, মুগাবে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন। আর মুগাবের পরিবর্তে এসএডিসি সম্মেলনে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করবেন তিন মন্ত্রী।
সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুগাবে এসএডিসি সম্মেলনের আয়োজক জাম্বিয়ার প্রেসিডেন্ট লিভি মাওয়ানাওয়াসার আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করলেন।
এর আগে জিম্বাবুয়ের কর্মকর্তারা সম্মেলনে মুগাবের যোগ দেওয়ার আশা প্রকাশ করলেও শুক্রবার উপ তথ্যমন্ত্রীর কথায় এ নিয়ে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়। সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) বৈঠকে মুগাবের যোগ দেওয়া উচিত কিনা তা নিয়ে সরকারে কথাবার্তা চলছে বলে জানান তথ্যমন্ত্রী ব্রাইট মাতোঙ্গা।
রয়টার্সকে তিনি বলেন, " আমরা সম্মেলন ডাকিনি। ডেকেছে এসএডিসি।" তাছাড়া, জিম্বাবুয়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই সম্মেলন ডাকা হয়নি বলেও অভিযোগ করেন মাতোঙ্গা।
উল্লেখ্য, প্রায় দু সপ্তাহ আগে জিম্বাবুয়েতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টির পরাজয় হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে কালক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠেছে।
ফল প্রকাশ নিয়ে অচলাস্থার পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়েতে সহিংসতার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এসএডিসি। এ অবস্থায়ই শনিবার এসএডিসি লুসাকায় জরুরি বৈঠক আহ্বান করেছে।
জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই বৃহস্পতিবার অভিযোগ করে বলেছেন, ক্ষমতা আঁকড়ে থাকতে প্রেসিডেন্ট মুগাবে কার্যত সামরিক অভ্যুত্থান করছেন। কিন্তু আফ্রিকান দেশগুলোর সহযোগিতায় তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন।
বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই টাইম ম্যাগাজিনকে বলেন, "আমরা মুগাবেকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবই। তিনি ধীরে ধীরে একা হয়ে পড়ছেন। এই অঞ্চলের কেউ এখন তাকে চায় না। কাজেই তাকে যেতে হবেই।"
এমডিসি অভিযোগ করেছে, গত ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এড়াতে মুগাবে নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব করছেন। নির্বাচনের ফল পাল্টে ফেলতে এই অবসরে তিনি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা নিয়েছেন।
সাভাঙ্গিরাই বলেন, "এক দিক দিয়ে এটা কার্যত সামরিক অভ্যুত্থান। জনগণকে ভয় দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনে জেতার প্রস্তুতি হিসেবে তারা সারাদেশে সেনা মোতায়েন করছে। মুগাবে এভাবেই ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।"
বিচারমন্ত্রী পেট্রিক সিনামাসা গত শুক্রবার জানিয়েছেন, মুগাবে বা সাভাঙ্গিরাই কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দ্বিতীয় দফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
তবে এমডিসি দ্বিতীয় দফায় নির্বাচনের চেষ্টা ও একই সঙ্গে পার্লামেন্টের ১৪টি আসনে পুনরায় ভোট গণনার বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের নেতা সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০৩ ঘ.
bdnews24