২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ শুরু

নেপালে জাতীয় নির্বাচনের অনানুষ্ঠানিক ফলপ্রকাশ শুরু হয়েছে শুক্রবার। রাজধানী কাঠমান্ডুতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা করা দেশের একমাত্র নির্বাচনী আসনের বেসরকারি ফলাফলে নেপালি কংগ্রেসের প্রার্থী বিজয়ী হওয়ার কথা জানানো হয়েছে। ওদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং মাওবাদী নেতা প্রচন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

কাঠমান্ডু, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - নেপালে জাতীয় নির্বাচনের অনানুষ্ঠানিক ফলপ্রকাশ শুরু হয়েছে শুক্রবার। রাজধানী কাঠমান্ডুতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা করা দেশের একমাত্র নির্বাচনী আসনের বেসরকারি ফলাফলে নেপালি কংগ্রেসের প্রার্থী বিজয়ী হওয়ার কথা জানানো হয়েছে। ওদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং মাওবাদী নেতা প্রচন্ড। রাজধানী কাঠমান্ডুতে ১ নং নির্বাচনী আসনে নেপালি কংগ্রেসের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। মধ্য-বামপন্থী দল এবং মাওবাদী দলের প্রার্থী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। আর কোনো কেন্দ্রে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার সুযোগ না থাকায় এবং দুর্গম অঞ্চল থেকে ব্যালট বাক্স সংগ্রহ এবং খালিহাতে ভোট গনণা চলতে থাকায় সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে প্রায় ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সঠিক নিয়মনীতি অনুসরণ না করায় এবং বিতর্ক সৃষ্টি হওয়ায় মোট প্রায় ২১,০০০ ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৩৩টিতে পুনরায় নির্বাচন করার সিদ্ধান্তও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ৮৩ বছর বয়সী প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা বলেছেন, এখন রাজনীতিকদের দায়িত্ব হবে 'পারষ্পরিক বোঝাপড়া এবং মতৈক্যের ভিত্তিতে' একটি নতুন সংবিধান প্রণয়ন করা। মাওবাদী নেতা প্রচন্ডও নির্বাচনে ভোটারদের "উৎসাহী অংশগ্রহণের" প্রশংসা করেছেন এবং একইসঙ্গে তাদের "ধৈর্য্য, ত্যাগ ও উদ্যমের" জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। ১৯৯৯ সালের পর নেপালে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা সংবিধান পরিবর্তনে সক্ষম একটি 'গণপরিষদ' গঠনই এ নির্বাচনের লক্ষ্য। নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতকের রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাওয়া। দেশটির ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটাতে মাওবাদীরা কয়েক দশক ধরে লড়াই করে এসেছে। ২০০৬ সালে সরকারের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তির আওতায় মাওবাদীরা সশস্ত্র সংগ্রাম পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়। দেশের প্রধান প্রধান দলগুলো গত বছর এক রুদ্ধদ্বার বৈঠকে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাচিত গণপরিষদের মাধ্যমে কেবল এই সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩১ ঘ.