মস্কো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রেমলিনের আঞ্চলিক প্রতিনিধিদের উপর খুব শিগগির রাশিয়া সরকারের নিয়ন্ত্রণ বাড়তে পারে। প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী হওয়ার পর তার ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে পুতিনের মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। এরপর তার স্থলাভিষিক্ত হবেন দিমিত্রি মেদভেদেভ। পুতিন জানিয়েছেন, তিনি মেদভেদেভের অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে চান।
এই দুই নেতা কিভাবে নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি করে নেবেন সে বিষয়ে ইঙ্গিত পাওয়ার আশায় আছে বিনিয়োগকারীরা। তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট না থাকলেও পুতিনের হাতে অনেক ক্ষমতা থাকবে, বিশেষ করে মেদভেদেভের প্রথম দিককার দিনগুলোতে।
বরিস ইয়েলৎসিনের আমলে বিশৃঙ্খলার পর ক্রেমলিনের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে প্রেসিডেন্ট আঞ্চলিক প্রতিনিধি ব্যবস্থা চালু করেছিলেন। গভর্নরদের ওপর নিয়ন্ত্রণ রাখতে এবং রাশিয়া জুড়ে ক্রেমলিনের কতৃত্ব নিরঙ্কুশ করতে পুতিন এই প্রতিনিধিদের ব্যাবহার করে এসেছেন।
পার্লামেন্টে সংখ্যগরিষ্ঠ ক্রেমলিনপন্থি ইউনাইটেড রাশিয়া পার্টির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দৈনিক ভেদোমস্তি পত্রিকা জানিয়েছে, প্রতিনিধিদের ভূমিকা এখন কমে আসবে এবং তাদের সরকারের কাছে জবাবদিহি করতে হবে।
পত্রিকাটি একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করে জানিয়েছে, ক্রেমলিন প্রশাসনে কিছু সংস্কারের চিন্তাভাবনা করা হচ্ছে।
আঞ্চলিক উন্নয়নমন্ত্রী দিমিত্রি কোজাক বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিনিধিদের হাত থেকে ক্ষমতা সরকারের হাতে নিয়ে আসার কোনো পরিকল্পনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪০ ঘ.
bdnews24