২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচিতে বুধবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

করাচি, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচিতে বুধবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মুশাররফ-বিরোধী আইনজীবীরা আদালতে তার সমর্থকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে সহিংসতার সূত্রপাত ঘটে। এক সপ্তাহ আগে মুশাররফ বিরোধী নতুন সরকার শপথ নেওয়ার পর এটিই পাকিস্তানে প্রথম সহিংস ঘটনা। টেলিভিশন চিত্রে বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তে দেখা গেছে। রয়টার্সের এক প্রতিবেদক রাস্তায় দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই দুজন গুলিতে নিহত হয়েছে। পুলিশ রয়টার্সকে জানিয়েছে, বিক্ষুব্ধ লোকজন একটি কার্যালয় ভবনে অগ্নিসংযোগের পর সেখান থেকে ৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক খবরে এই ৭ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে তা বেড়ে হয়েছে ১০ জন। নগরীর বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে এবং বিক্ষুব্ধ লোকজন কয়েকটি যানবাহনে আগুনও দিয়েছে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা আজাহার ফারুকী রয়টার্সকে একথা বলেছেন। তিনি বলেন, "পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩০ঘ.