সউল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - দক্ষিণ কোরিয়ায় বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট লি মাইউং-বাকের নেতৃত্বাধীন রক্ষণশীল 'গ্র্যান্ড ন্যাশনাল পার্টি'(জিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে।
নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ২৯৯ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৫৩টি আসনে বিজয়ী হয়েছে প্রেসিডেন্ট লি'র নেতৃত্বাধীন জিএনপি। এর ফলে গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এবারই প্রথম বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল রক্ষণশীলরা।
অন্যদিকে, বিদায়ী পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন থাকা উদারপন্থি 'ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি' (ইউডিপি) পেয়েছে ৮১টি আসন। নির্বাচনে ইউডিপি ১০০ আসনে বিজয়ী হওয়ার আশা করেছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, পার্লামেন্টের বাকি আসনগুলোয় কয়েকটি ছোট দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।
তবে নির্বাচনে ভোটারদের তেমন সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, মাত্র ৪৬ শতাংশ লোক এ নির্বাচনে ভোট দিয়েছেন।
এর আগে নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপ থেকেও ধারণা করা হচ্ছিল যে, নির্বাচনে সর্বোচ্চ ৫০ শতাংশ ভোট পড়তে পারে।
গত ফেব্র"য়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পর লি প্রতিশ্র"তি দিয়েছিলেন যে এ বছরই তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশে নিয়ে আসবেন।
বিশ্লেষকরা মনে করছেন, পার্লামেন্ট নির্বাচনে লি'র দলের এ বিজয় তার অর্থনৈতিক সংস্কার সংক্রান্ত পরিকল্পনা বাস্তাবায়নের পথকে সুগম করবে।
লি বুধবার সিউলের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "আমি বিশ্বাস করি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। যা আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৪৬ ঘ.
bdnews24