ব্যাংকক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হিমায়িত কন্টেইনারে করে অবৈধভাবে থাইল্যান্ড যাওয়ার পথে থাই-মিয়ানমার সীমান্তে শ্বাসরুদ্ধ হয়ে মিয়ানমারের ৫৪ জন নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনই নারী। বৃহস্পতিবার থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
থাইল্যান্ডের পশ্চিম উপকূলীয় প্রদেশ র্যানোং এর পুলিশ কর্মকর্তা সার্জেন্ট ফুভানাই ওয়াত্তানাসামাই রয়টার্সকে জানান, ২০ ফুট দৈর্ঘ্যরে একটি কন্টেইনার ট্রাকে করে ওই নাগরিকরা থাইল্যান্ড যাচ্ছিল। ট্রাক থেকে মিয়ানমারের আরও ৬৭ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২০ এর বেশি জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, "তারা বায়ু চলাচলহীন ওই ট্রাকে বেশ কয়েক ঘণ্টা ছিল। কারণ, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রটি নষ্ট হয়ে গিয়েছিল।"
তিনি আরও বলেন, "বুধবার মধ্যরাতের আগে ট্রাক যাত্রীদের বাইরে বের হতে দেওয়ার জন্য ট্রাক চালক উপকূলের পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে ট্রাকটি থামায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।"
ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা জানিনা তারা কতক্ষণ ট্রাকের কন্টেইনারের ভেতরে ছিল।" তবে গোটা ট্রাকটিতে এক শতাধিক লোক ছিল বলে জানান তিনি।
র্যানোং পুলিশের এক শীর্ষ কর্মকর্তা ক্রেইথং চ্যানথংবাই রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে ৩৭ জনই নারী এবং জীবিতদের ৬৪ জনকে থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশের জন্য পুলিশ আটক করেছে।
পুলিশ ট্রাক চালককে খুঁজছে এবং যে কোম্পানির ট্রাকে করে ওই ব্যক্তিরা যাচ্ছিল তার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার চিন্তা-ভাবনা করছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে মিয়ানমারের কয়েক লাখ অবৈধ অভিবাসী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩৫ ঘ.
bdnews24