২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির আশায় জাতীয় নির্বাচনে ভোট দিল নেপালিরা

নেপালে নির্বাচনের দিনে তেমন কোন সহিংসতা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। নির্বাচনপূর্ব সহিংসতায় এক প্রার্থীসহ কমপক্ষে ১১ জনের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দিতে আসা বেশিরভাগ নেপালিই বলেছেন দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাতেই ভোট দিতে এসেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:12 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

কাঠমান্ডু, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে নির্বাচনের দিনে তেমন কোন সহিংসতা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। নির্বাচনপূর্ব সহিংসতায় এক প্রার্থীসহ কমপক্ষে ১১ জনের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দিতে আসা বেশিরভাগ নেপালিই বলেছেন দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাতেই ভোট দিতে এসেছেন তারা। ১৯৯৯ সালের পর নেপালে এটি প্রথম জাতীয় নির্বাচন। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা সংবিধান পরিবর্তনের ক্ষমতাসম্পন্ন একটি 'গণপরিষদ' গঠনই এ নির্বাচনের লক্ষ্য। প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন এ নির্বাচনে। গত এক দশকের সহিংসতার পর শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ৬০১ আসন বিশিষ্ট এ গণপরিষদের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটগ্রহণ শুরুর আগ থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের একজন ৪৮ বছর বয়সী কৃষক সুদর্শন নিউপানে। ভোটগ্রহণের তিন ঘণ্টা আগে থেকেই তিনি অপেক্ষায় ছিলেন রাজধানী কাঠমান্ডুর উত্তরের একটি ভোট কেন্দ্রে। নিউপানে রয়টার্সকে বলেন, "শান্তি ও উন্নয়নের চিন্তায় আমি সারারাত ঘুমাতে পারিনি।" তিনি বলেন, "আমি আশা করছি এ নির্বাচন স্থায়ী শান্তি বয়ে আনবে।" নতুন পার্লামেন্টের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতাব্দী ধরে প্রচলিত রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে নেওয়া। মাওবাদীদের সঙ্গে সরকারের ২০০৬ সালে সম্পাদিত শান্তি চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নির্বাচন। ওই চুক্তির আওতায় সাবেক মাওবাদী গেরিলারা তাদের দশকব্যাপী সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়। নির্বাচনী সহিংসতায় প্রাণহানি এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ ৩৫ হাজার পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গত শনিবার থেকে বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করেছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/এএমটি/২১১৩ ঘ.