হেরাত, আফগানিস্তান, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্তে ১৩ আফগান শরণার্থীকে গুলি করে হত্যা করেছে ইরানের নিরপত্তা বাহিনী। আফগানিস্তানের এক পুলিশ কর্মকর্তা বুধবার এ কথা জানিয়েছেন।
আফগানিস্তানের আঞ্চলিক পুলিশ প্রধান রহমতুল্লাহ শফি জানান, হেরাত প্রদেশে সীমান্তে আফগানিস্তানের মধ্যেই ১৩ জনকে গুলি করে হত্যা করেছে ইরানের নিরাপত্তারক্ষীরা। নিহতরা সবাই শরণার্থী।
তিনি বলেন, "এটি একটি বর্বর হত্যাকাণ্ড। আমরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছি।" ইরানের নিরাপত্তারক্ষীরা হত্যাকাণ্ডের সময় আফগান সীমান্তের মধ্যে প্রবেশ করেনি বলে তিনি জানান।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এই সীমান্ত তুলনামূলকভাবে শান্ত। যদিও নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাঝেমধ্যে চোরাচালানিদের সংঘর্ষের ঘটনা ঘটে।
পাকিস্তানভিত্তিক আফগান ইসলামি প্রেস এক আফগান কমান্ডারের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ভেতর নিরাপত্তারক্ষীদের গুলিতে ১২ আফগান নিহত হয়েছে।
পুলিশ প্রধান শফি জানিয়েছেন, নিহতরা চোরাচালানি নন। তবে তাদের হত্যা করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, "ইরানি কনস্যুলেটকে এই প্রশ্ন করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩৪ ঘ.
bdnews24