মাদ্রিদ, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সৌরজগতের বাইরে 'জি জে ৪৩৬সি' নামের অতিক্ষুদ্র একটি গ্রহের সন্ধান পেয়েছেন স্পেনের বিজ্ঞানীরা। পাথুরে এই গ্রহটি পৃথিবীর চেয়ে ৫০ শতাংশ বড়।
নক্ষত্রপুঞ্জে ৩০ আলোকবর্ষ দূরের একটি ছোট্ট লাল তারাকে প্রদক্ষিণ করে চলেছে এই গ্রহ। স্পেনের 'সুপেরিয়র কাউন্সিল ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন' (সিএসআইসি) এর বিজ্ঞানীরা একথা বলেছেন।
বিজ্ঞানীদলের প্রধান ইগনাসি রিবাস বুধবার এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করে বলেছেন, অচিরেই তারা পৃথিবীর মতো গ্রহেরও সন্ধান পেয়ে যাবেন। সেদিন আর বেশি দূরে নয়।
গ্রহটি 'জি জে ৪৩৬সি' নামেই পরিচিত। পৃথিবীর চেয়ে ৫ গুণ বড় হলেও সৌরজগতের বাইরে সন্ধান পাওয়া সবচে ছোট গ্রহ এটি।
জি জে ৪৩৬ তারার চারপাশে ঘুর্ণায়মান আরেকটি বড় গ্রহের কক্ষপথের বিকৃতি বিশ্লেষণ করে ক্ষুদ্রতম ওই গ্রহের সন্ধান মিলেছে। ঠিক যে পন্থায় ১০০ বছর আগে নেপচুনের সন্ধান পাওয়া গিয়েছিল।
রিবাস বলেন, "আর খুব অল্পদিনের মধ্যেই আমরা পৃথিবীর মতো একই আকারের গ্রহ খুঁজে পাব। যেখানে কয়েক বছরের মধ্যে জীবনধারণ করাও সম্ভব হতে পারে।"
তবে রিবাস এও বলেন, "পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আর সৌরজগতের বাইরের এ ধরনের গ্রহগুলোর কক্ষপথ তারাকে ঘিরে রয়েছে। সেকারণে এ ধরনের গ্রহ যে একেবারে পৃথিবীর মতো হবে তা বলা যায় না।"
রিবাস আরও বলেন, "পৃথিবীর মতো আয়তনের গ্রহগুলো তাদের তারা থেকে অনেক দূরে রয়েছে। এগুলোর উপরিভাগে রয়েছে পানি। এ ধরনের গ্রহ খুঁজে পেতে আমাদের আর খুব বেশিদিন লাগবে না। এক দশকের মধ্যে আমরা নিশ্চয়ই এর সন্ধান পেয়ে যাব।"
উল্লেখ্য, এ পর্যন্ত সন্ধান পাওয়া ২৮০ টি গ্রহের বেশিরভাগই জুপিটারের (বৃহস্পতি) মতো বড়। এখন বিজ্ঞানীরা ছোট ছোট পাথুরে গ্রহই বেশি খুঁজে পাচ্ছেন। কারণ, সৌরজগতের চাপাশের তারকারাজ্যে গ্রহানুপুঞ্জের অস্তিত্ব টের পেয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৯ঘ.
bdnews24