হারারে, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের এক আইনজীবী বুধবার বলেছেন, বিরোধীদলের দাবি অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের নির্দেশ দিলে আদালতের জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়াবে।
বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) দাবি করে আসছে গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনকে ফল প্রকাশের নির্দেশ দেওয়ার জন্য তারা আদালতের দারস্থ হয়েছে। আদালতে তাদের আবেদনের শুনানি চলছে।
প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার চেষ্টা করছেন ফল প্রকাশ বিলম্বিত করতে। এই অবসরে তারা দ্বিতীয় দফায় নির্বাচনের প্রস্তুতি নিচেছ। তবে এমডিসি অভিযোগ করেছে, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য মুগাবে সরকার সহিংসতা সৃষ্টির পায়তারা করছে।
নির্বাচন কমিশনের আইনজীবী জর্জ চিকুম্বিরিকি আদালতকে বলেন, "নির্বাচনের ফল প্রকাশের নির্দেশ দেওয়া বিপজ্জনক হবে। কেননা এতে করে পরিস্তিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।"
তিনি এ বিপজ্জনক বলতে কোন পরিস্থিতিকে বুঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাকে ইঙ্গিত করেছেন।
এছাড়া, নির্বাচন কমিশন কবে নাগাদ ফল প্রকাশ করতে পারে সে বিষয়েও তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। শুধু এটুকু বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করতে পারলেই ফল প্রকাশ করবে।
জিম্বাবুয়েতে গত ২৯ মার্চ প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো প্রকাশ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/এলকিউ/২০০০ঘ.
bdnews24