ওয়াশিংটন, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক যুদ্ধের পরিস্থিতি বুধবার দ্বিতীয় দিনের মতো মার্কিন কংগ্রেসে তুলে ধরছেন ইরাকে নিযুক্ত শীর্ষ মার্কিন কর্মকর্তারা। ওদিকে, বুশ প্রশাসনও ইরাক থেকে বড় ধরনের কোনো সেনা প্রত্যাহার না করার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইরাক থেকে দ্রুত অতিরিক্ত সেনা প্রত্যাহার করে নিলে অঞ্চলটি আল-কায়েদার দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ও রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বুধবার কংগ্রেসে ইরাক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। ইরাক থেকে দ্রুত অতিরিক্ত সংখ্যক সেনা প্রত্যাহার করে নিলে অঞ্চলটি আল কায়েদার দখলে চলে যেতে পারে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঝুঁকির বিষয়টি তারা কংগ্রেসের উপস্থাপন করবেন।
তবে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে সম্ভাব্য প্রার্থীসহ দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া করে আফগানিস্তান ও পাকিস্তানে আল কায়েদাবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ।
জেনারেল পেত্রাউস মঙ্গলবার 'সিনেট আর্মড ফোর্সেস কমিটি'কে জানিয়েছেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সেনা কমান্ডারদের সময় দেওয়া উচিৎ। এ জন্য তিনি ইরাক থেকে আগামী জুলাইতে সেনা প্রত্যাহারে ৪৫ দিন বিলম্বিত করার সুপারিশ করেছেন।
এ বিষয়ে তাদের দাবি তুলে ধরতে পেত্রাউস ও ক্রোকার বুধবার প্রতিনিধি পরিষদের সশস্ত্র ও পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তব্য রাখবেন।
শীর্ষ কর্মকর্তাদের পর আগামী বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বুশ। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো জানিয়েছেন, এ সময় তিনি ইরাকের বিভিন্ন বিষয়ে বিস্তৃত বক্তব্য দিতে পারেন।
পেরিনো বলেন, "বৈঠকে প্রেসিডেন্ট যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে তা হলো আমাদের সেনাদের যে সহযোগিতা প্রয়োজন তা তারা পাবে এবং একটি স্থিতিশীল ইরাক গড়ে তুলতে আমরা তাদের সমর্থন দিয়ে যাব। এমন একটি ইরাক গড়তে হবে যারা নিজেদের শাসন ও নিরাপত্তা নিজেরাই দিতে পারে এবং ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মার্কিন মিত্র হিসেবে কাজ করবে।"
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধকাল ১৫ মাস থেকে এক বছরে নামিয়ে আনার ঘোষণা দিতে পারেন বুশ এবং বৃহস্পতিবারেই এ ঘোষণা দেওয়া হতে পারে।
এই ঘোষণা বুশ প্রশাসনের পক্ষে সহায়ক হতে পারে, বিশেষ করে ইরাক যুদ্ধ নিয়ে আগামী নির্বচানের দেশের জনগণ যেখানে ক্ষুব্ধ।
তবে পেত্রাউসের সেনা প্রত্যাহার বিলম্বিত করার সুপরিশকে ইতিমধ্যে লুফে নিয়েছে ডেমোক্র্যাটরা। তারা জানিয়েছে, এর মাধ্যমে পরিস্কার হয়ে গেছে বুশ প্রশাসন ইরাক যুদ্ধ শিগগির শেষ করতে চান না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৭ ঘ.
bdnews24