রিও ডি জেনেরিও, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে এবং প্রায় এক লাখ ৯০ হাজার লোক গৃহহীন হয়ে পড়ছে। মঙ্গলবার এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
অসময়ে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ওই অঞ্চলের রাস্তা ঘাট ,বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।
ন্যাশনাল ইন্টিগ্রেশন মন্ত্রী গেডেল ভিয়েরা লিমা জানান, বন্যায় ফসল এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সরকার কৃষক এবং খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা চিন্তা করছে।
প্রেসিডেন্ট লুলা ডা সিলভা সোমবার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩শ' ১৯ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে পারাইবা উল্লেখযোগ্য। এখানে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে এবং ১১ সহস্রাধিক মানুষ গৃহহীন হয়েছে। হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে আত্মীয়দের বাড়ি এবং আশ্রয় ক্যাম্পে চলে যেতে বাধ্য হয়েছে।
পিয়াইউ রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা প্রধান ফার্নান্দো মন্টেইরো এ পরিস্থিতিকে 'বিপর্যয়' বলেছেন। এছাড়াও জাতীয় বেতারের এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাভাবিক অবস্থা ফিরে আসতে অন্ততপক্ষে ৩ মাস সময় লাগবে।
মন্টেইরো ও অন্যান্য কর্তৃপক্ষ ডেঙ্গুসহ আরও অনেক রোগ বৃদ্ধির আশঙ্কা করছেন।
একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে মন্টেইরো বলেছেন, " অনেকগুলো পরিবার একসঙ্গে থাকলে রোগ ছড়ানোর পরিবেশ সৃষ্টি হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫১ ঘ.
bdnews24