২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা-মিসর সীমান্ত প্রাচীর আবারও ভাঙার হুমকি হামাসের

গাজা উপত্যকার মিসর সীমান্ত প্রাচীর আবারও ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি গেরিলা দল হামাসের এক নেতা। তিনি বলেন, সীমান্ত বন্ধ থাকলে সেখানে অচিরেই 'বিস্ফোরণ' ঘটানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

গাজা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকার মিসর সীমান্ত প্রাচীর আবারও ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি গেরিলা দল হামাসের এক নেতা। তিনি বলেন, সীমান্ত বন্ধ থাকলে সেখানে অচিরেই 'বিস্ফোরণ' ঘটানো হবে। মঙ্গলবার গাজা উপত্যকায় এক সংবাদ সম্মেলনে খলিল আল-হাইয়া নামের ওই হামাস নেতা বলেন, "আমি পরিষ্কারভাবে বলছি, সব ধরনের পথ খোলা আছে। যা ঘটতে চলেছে তা হবে অতীতের চেয়েও বড় ঘটনা। আর তা শুধু মিসর সীমান্তেই হবে না অন্যান্য এলাকায়ও হবে।" এর আগে গত জানুয়ারি মাসে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটিয়ে মিসর সীমান্ত প্রাচীর ভেঙে ফেলে। এরপর ওই পথ দিয়ে লাখ লাখ ফিলিস্তিনি মিসরে ঢুকে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্র জোগাড় করে। কিন্তু ১০ দিনের মধ্যেই পুনরায় ওই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। হাইয়া জানান, গত জুনে হামাস গাজা এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল যেভাবে এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে তাতে ১৫ লাখ মানুষ বলতে গেলে বন্দিদশায় দিন কাটাচ্ছে। তিনি বলেন, "এই অবরোধ অবসানের জন্য আমরা সবপক্ষকেই আহ্বান জানাচ্ছি। তা না হলে বিক্ষুব্ধ মানুষ খুব শিগগির বিদ্রোহী হয়ে উঠতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.