ওয়াশিংটন, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানার এক আবাসিক এলাকায় মর্টার হামলার একদিন পর সোমবার সেখানকার মার্কিন দূতাবাসের কিছু কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইয়েমেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, এক বিবৃতিতে আল-কায়েদা রাজধানী সানার মার্কিন এবং অন্যান্য বিদেশি নাগরিকদের আবাসিক এলাকায় মর্টার হামলার দায় স্বীকার করেছে।
এর আগে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি সংগঠন এক ইন্টারনেট বিবৃতিতে ওই আবাসিক এলাকাটিতে তিনটি মর্টার হামলার দায় স্বীকার করে।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভ্রমণ সতর্কতায় জানিয়েছে, ইয়েমেনে সন্ত্রাসী কর্মকাণ্ড বজায় থাকায় নিরাপত্তা হুমকি উচ্চ পর্যায়ে রয়েছে।
ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, "৬ এপ্রিল, ২০০৮ এ সানার হাদ্দা আবাসিক এলাকায় আল-কায়েদা হামলার প্রেক্ষিতে মার্কিন দূতাবাসের অতিরিক্ত কিছু কর্মচারি এবং পরিবারের সদস্যদের ইয়েমেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।"
সতর্কবাণীতে মার্কিন নাগরিকদের ইয়েমেনে না যাওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24