ক্যানবেরা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা (৫৮) অবসরে যাওয়ার চিন্তা-ভাবনা করার ইঙ্গিত দিয়েছেন। দুই মাস আগে বিদ্রোহী সেনাদের এক হত্যা প্রচেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর মঙ্গলবার এ ইঙ্গিত দিলেন হোর্তা।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হোর্তাকে ১১ ফেব্র"য়ারিতে হত্যার চেষ্টা চালায় বিদ্রোহিরা। গুলিতে গুরুতর আহত হোর্তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ডারউইন নগরীর এক বাড়িতে আছেন। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভাল।
মঙ্গলবার 'দ্যা অস্ট্রেলিয়ান' পত্রিকাকে হোর্তা বলেন, "আমি দেশে ফিরে পার্লামেন্টে ভাষণ দেব। আর দেশবাসীর কাছে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের কোনো প্রতিশ্র"তি আমি দেব না।"
উল্লেখ্য, হোর্তা গত বছর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং সংবিধান অনুযায়ী, তার প্রেসিডেন্সির মেয়াদ ২০১২ সাল পর্যন্ত।
পত্রিকাটিতে হোর্তা বলেন, জাতীয় পার্লামেন্টের প্রেসিডেন্টের দায়িত্ব ফার্নান্দো লাসামা ডি আরাউজোর কাছে দেওয়ার পর তার আর প্রেসিডেন্ট থাকার কোনও প্রয়োজন নেই।
প্রসঙ্গত, হোর্তার ওপর হামলা হওয়ার পর থেকে ফার্নান্দো লাসামা ডি আরাউজো পূর্ব তিমুরের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
হোর্তা বলেন, "আমি অনেকটাই নিশ্চিন্ত। কারণ, আমি জানি, আমি পদত্যাগ করলে এ দায়িত্ব পালন করতে পারার মতো দু'একজন মানুষ আছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪৯ ঘ.
bdnews24