নিউ ইয়র্ক, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - 'ব্রেকিং নিউজ ফটোগ্রাফি'র জন্য সোমবার পুলিৎজার পুরস্কার জিতেছে রয়টার্স। মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভের সময় নিহত জাপানি চিত্রগ্রাহকের ছবির জন্য এই পুরস্কার জিতেছেন রয়টার্স এর সাংবাদিক আদ্রিস লতিফ।
পুলিৎজার পুরস্কার বোর্ড বলেছে, "মিয়ানমারে সরকার-বিরোধী বৌদ্ধ ভিক্ষু বিক্ষাভকালে রাস্তায় পড়ে থাকা গুরুতর আহত জাপানি চিত্রগ্রাহকের নাটকীয় চিত্রের জন্য পুরস্কার জিতেছেন আদ্রিস লতিফ।"
অন্যদিকে, পুলিৎজারে ব্রেকিং নিউজসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা।
পুরস্কার হিসেবে রয়টার্সের ওই সাংবাদিক একটি স্বর্ণপদক এবং ২০ টি অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীরা ১০ হাজার ডলার করে পেয়েছেন।
পুরস্কার পাওয়ার পর আদ্রিস লতিফ আনন্দ প্রকাশ করে বলেন, "মিয়ানমারে ওইদিন কী ঘটেছিল তা ইতিহাস হয়ে থাকবে একথা ভেবে আমি আনন্দিত।" তবে এই আনন্দের মাঝেও নিহত জাপানি চিত্রগ্রাহক কেনজি নাগাইকে এক মুহূর্তের জন্য স্মরণ করেন তিনি।
ওদিকে, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া গুলি বর্ষণের ঘটনার প্রতিবেদন এবং জাতীয় নীতিতে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির প্রভাব খতিয়ে দেখার বিষয়টি নিয়ে প্রতিবেদন রচনার জন্য 'দ্য ওয়াশিংটন পোস্ট' পুলিৎজার পুরস্কার পায়।
এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে ইরাক নিয়ে অনবদ্য প্রতিবেদন রচনা ছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুর্দশার কারণ নিয়ে মন্তব্য প্রতিবেদনের জন্যও ওয়াশিংটন পোস্টকে পুরস্কৃত করা হয়।
নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এই ৯২ তম পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়। সাংবাদিকতা, নাটক, সংগীত এবং সাহিত্য বিভাগেও এই পুরস্কার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৩ ঘ.
bdnews24