পোর্ট-অ-প্রিন্স, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাইতির লে কায়েস শহরে সোমবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিক্ষোভকালে গুলিবিদ্ধ হয়ে এক বিক্ষোভকারি নিহত হয়েছে। বেতার প্রতিবেদন এবং কর্মকর্তাদের কাছ থেকে একথা জানা গেছে। এ নিয়ে হাইতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।
সোমবার পোর্ট-অ-প্রিন্সের রাষ্ট্র পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হাইতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহ থেকে জনগণ বিক্ষোভ করছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বৃহস্পতিবার দাঙ্গায় রূপ নেয়। ওই দাঙ্গায় চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়। এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ করার সময় জনগণ জাতিসংঘের কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয় এবং শান্তিরক্ষীদের ওপর হামলা করে। ওই সময় বিক্ষোভকারীরা একটি খাদ্য গুদামও লুট করে।
হাইতির প্রধানমন্ত্রী জ্যাক এডওয়ার্ড এ্যালেক্সিস অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং জীবনযাত্রা ব্যয় কমানোর লক্ষ্যে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশ হাইতিতে গত কয়েক মাসে খাদ্য দ্রব্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট রেনে প্রেভালের সরকারের বিরুদ্ধে। তিনি ২০০৬ সালের নির্বাচনের মাধ্যমে হাইতির ক্ষমতায় আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪৪ ঘ.
bdnews24